বদ্ধ কক্ষে হঠাৎ ১৬ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীর ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি কলেজের ১৬ জন শিক্ষার্থী গতকাল ব্যবহারিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে মিরপুর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর দু-একজন ছাড়া বাকি সবাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। একসঙ্গে হঠাৎ এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তদন্ত করতে কলেজ কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে। অসুস্থ শিক্ষার্থী রেজাউল করিম জানান, তিনি দন্ত বিভাগের শেষ বর্ষের ছাত্র। গতকাল সকালে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে একটি কক্ষে তিনি ব্যবহারিক পরীক্ষা দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করা হয়। কিছুক্ষণ পর তাঁর মাথা ঘোরা শুরু হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অসুস্থ প্রথম বর্ষের অপর শিক্ষার্থী সাফায়েত উদ্দিন জানান, মাথা ঘোরা শুরু হলে তিনি চিৎকার চেঁচামেচির শব্দ পান। ভয় পেয়ে তিনি দ্রুত কক্ষের বাইরে চলে আসেন। কলেজের অধ্যক্ষ আবদুল মালেক সরকার প্রথম আলোকে বলেন, কক্ষটি সব সময় আবদ্ধ থাকে। তাঁদের ধারণা, গ্যাস লাইন ছিদ্র হওয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাস লাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। মিরপুর আধুনিক হাসপাতালের মেডিসিন বিভাগের কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, তাঁদের হাসপাতালে ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে চলে গেছেন।