বধ্যভূমি হিসেবে চেনার উপায় নেই শিয়ালবাড়ী ও মুসলিম বাজারকে
সরকার যে ২০০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী ও মুসলিম বাজার। কিন্তু সংরক্ষণের অভাবে দখল ও স্থাপনার কারণে ওই দুটি বধ্যভূমি প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে। বধ্যভূমি বলে চেনার উপায় নেই।শিয়ালবাড়ী বধ্যভূমির অবস্থান মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের বাঙালি ও অবাঙালি দোসরেরা এই এলাকায় অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতার কিছুদিন পর ১৯৭২ সালের ৫ জানুয়ারি এখানে বধ্যভূমি আবিষ্কৃত হয়। সে সময়ের দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এখানে প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়। ঘন বাঁশঝাড় আর গাছপালার কারণে জায়গাটি ছিল জঙ্গলের মতো।জানা যায়, পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের ভয়াবহ নৃশংসতার সাক্ষ্য এই এলাকার প্রায় ৭০ একর জায়গা ১৯৮৫ সালে হাউজিং ও সেটেলমেন্ট বিভাগ আবাসন প্রকল্প রূপনগর হাউজিং এস্টেটের জন্য বরাদ্দ দেয়। সেখানে বাড়ি তৈরির জন্য খোঁড়াখুঁড়ির সময় অসংখ্য হাড়গোড় পাওয়া যায়। পরে হাড়গোড়গুলো ১৪ শতাংশ জায়গা নির্দিষ্ট করে সেখানে মাটিচাপা দেওয়া হয়। ৬ নম্বর সড়কের ২৯ নম্বর প্লট হিসেবে চিহ্নিত ওই স্থানটি মূল বধ্যভূমি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো তা হয়নি।জানা যায়, শহীদজননী প্রয়াত জাহানারা ইমামের নেতৃত্বে বিশিষ্টজনেরা ১৯৯২ সালে ওই স্থান পরিদর্শন এবং সেখানে একটি স্মৃতিফলক স্থাপন করেন। পরবর্তী সময়ে স্থানীয় সদর আলী মাতব্বর স্মৃতিফলকটি সরিয়ে ফেলেন এবং জায়গাটির দখল নেন। ওই স্থানের এক পাশে প্রায় ২৫টি দোকানঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। সদর আলী মারা গেছেন। তাঁর মরদেহও বধ্যভূমিতে দাফন করা হয়। সম্প্রতি সেখানে গেলে সদর আলীর আত্মীয় পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেন, ব্রিটিশ আমল থেকে এই জমির মালিক মাতব্বরের পূর্বপুরুষেরা।মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম বাজার (আগে নাম ছিল মুসলিম লীগ বাজার) বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময়ে এখানে মুক্তিযোদ্ধাসহ অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়। স্বাধীনতার ২৮ বছর পর ১৯৯৯ সালে এখানকার নূরী মসজিদের কাছে প্রায় এক বিঘা স্থান থেকে বেশ কিছু কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়। সেখানে প্রায় দুই মাস খননকাজ চলে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও স্থানীয় ’৭১-এর স্মৃতি পরিষদের উদ্যোগে এসব কঙ্কাল ও হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করানো হয় এবং কয়েকজনের পরিচয় নিশ্চিত হয়। সেখানেও স্মৃতিস্তম্ভ করার ঘোষণা দেওয়া হয়েছিল।’৭১-এর স্মৃতি পরিষদ ও স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, হাড়গোড় পাওয়ার পর ওই স্থান যেন বধ্যভূমি হিসেবে গণ্য না হয়, সে জন্য স্থানীয় কিছু লোক উঠেপড়ে লেগেছিলেন। তাঁদের কারণে সেখানে স্মৃতিফলকও স্থাপন করা যায়নি। বর্তমানে ওই জায়গাটি বধ্যভূমি হিসেবে চেনার উপায় নেই।বধ্যভূমির কিছু অংশ দখল করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কিছু অংশে হয়েছে শাড়িকাপড়, তৈরি পোশাকসহ বিভিন্ন সামগ্রীর ৩০টির মতো দোকান। দোকানগুলোর পেছনে কাঁচাবাজার।জানা যায়, মাস তিনেক আগে বাজার কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হয়েছে। অ্যাডহক কমিটির অন্যতম প্রধান মোখলেসুর রহমান বলেন, গত রোববার তাঁদের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে। বাজারটি বধ্যভূমির জায়গায় নির্মিত নয়। তিনিও চান, এখানে থাকা অবৈধ স্থাপনা ভেঙে ও বধ্যভূমির জায়গা দখলমুক্ত করে স্মৃতিস্তম্ভ হোক।এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বধ্যভূমিগুলো সংরক্ষণে বর্তমান সরকার কাজ করছে। দেশের বিভিন্ন স্থানের যে ২০০টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে শিয়ালবাড়ী ও মুসলিম বাজারও রয়েছে।’