বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতাল এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল সরদার (৩৬)। তিনি একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনেরা জানান, সাইফুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। বাবার নাম মো. আইয়ুব আলী সরদার।

সাইফুল রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর সাত বছরের এক ছেলে রয়েছে।

নিহত ব্যক্তির ভাগনে সোহেল শেখ জানান, গতকাল রাতে দায়িত্ব শেষে বিমানবন্দর থেকে মোটরসাইকেলে ডেমরা স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসায় ফিরছিলেন সাইফুল।

পথে বনশ্রী এলাকায় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে থেকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান।

সোহেল শেখ আরও বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে সাইফুলকে ফরাজী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।