বনশ্রীর প্রধান সড়ক বেহাল

রাজধানীর রামপুরা সেতু থেকে বনশ্রী আবাসিক এলাকার সি ব্লক পর্যন্ত প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার অংশে বেশ কিছু অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বাসিন্দাসহ সড়ক ব্যবহারকারীরা। সাম্প্রতিক বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রামপুরা সেতু থেকে বনশ্রীর প্রবেশমুখে সড়কে বড় বড় গর্ত। সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে গর্তগুলোতে পানি জমে যাওয়ায় সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। কাদাপানিতে সয়লাব সড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে সেখানে সৃষ্টি হচ্ছে যানজটের। সড়কের এই ভাঙাচোরা অবস্থা বনশ্রীর সি ব্লকের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত।
বনশ্রী এলাকার বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাইজিদ মোস্তফা বলেন, বনশ্রী থেকে সকালে ওই সড়ক দিয়ে বাড্ডা কিংবা রামপুরা বের হওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। সড়কে বড় বড় গর্ত। এর ওপর আবার বাস চলছে। আর রাত আটটার পর এই সড়ক দিয়ে বড় বড় ট্রাক চলাচল করে। এতে দিন দিন এই সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। যানজট বাড়ছে।
সড়কের পাশেই একটি ফাস্টফুড দোকানের বিক্রয়কর্মী ফজলুল হোসেন বলেন, সড়কের এই বেহাল দশার কারণে তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ক্রেতারা দোকানের সামনে দাঁড়াতে চান না।
বনশ্রী এলাকায় রিকশা চালান ইমান আলী। তিনি বলেন, ‘রাস্তার খারাপ অবস্থার কারণে ১০ টাকার ভাড়া ২০-৩০ টাকা রাখি। রিকশা প্যাডেল চাইপা বেশি দূর যাওয়া যায় না। রিকশা টাইনা নিতে হয়।’
বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেতরে পড়েছে। আমরা অনেকবার এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি। গত প্রায় দুই মাস আগে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লিয়াকত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।