বনানীতে আবাসিক হোটেলে ঢুকে কর্মচারীকে হত্যা
রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলের কর্মচারী খুন হয়েছেন। লর্ডস ইন নামের ওই হোটেল কর্তৃপক্ষের দাবি, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত রোববার রাতে হোটেলে ঢুকে কর্মচারী খলিল আহমেদ লিটনসহ (৪৫) চারজনকে ছুরিকাঘাত করে। অ্যাপোলো হাসপাতালে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নূর মোহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।হোটেল লর্ডস ইনের ব্যবস্থাপক খন্দকার তারেক হাসান জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে ১২-১৩ জন যুবক হোটেলের অভ্যর্থনাকক্ষে ঢুকে অস্বাভাবিক আচরণ শুরু করে। মনে হয়, তারা মাদক গ্রহণ করে এসেছিল। বাধা দিতে গেলে তারা হোটেল কর্তৃপক্ষের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলে ভাঙচুরের চেষ্টা চালায়। হোটেলের কর্মচারীরা ধাওয়া করলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওই যুবকদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে লিটন ও অপর তিন কর্মচারী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত লিটনকে হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাসুম জানান, রাত দেড়টার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।নিহত লিটনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার বড়দিয়া গ্রামে। তাঁর বাবার নাম জলিল আহমেদ।