বনানীতে গুলিবিদ্ধ হয়ে ডিসিসির কর্মকর্তার মৃত্যু
গুলিবিদ্ধ হয়ে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর্মকর্তা শহীদুর রহমান (৪৫) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে রাজধানীর বনানীতে নিজের ফ্ল্যাটে তিনি গুলিবিদ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১১টার দিকে তিনি মারা যান। তাঁর পরিবার ও পুলিশের ভাষ্যমতে, শহীদুর রহমান নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পুলিশ তাঁর অস্ত্রটি জব্দ করেছে।গুলশান থানা পুলিশ জানায়, শহীদুর রহমান বনানীর নগর নিবাসের ২১/২ নম্বর ভবনের ‘সি’ নম্বর ফ্ল্যাটে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। তিনি ডিসিসির টার্মিনাল ম্যানেজার ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দুই বছর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা—ওএসডি (কার্যত কর্মহীন) ছিলেন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাঁর এক হাত ও এক পা অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি ঘরের বাইরে বের হতেন না। বাসার ভেতরই থাকতেন। শহীদুরের পরিবারের লোকজন পুলিশকে জানান, সোমবার ভোররাতে সেহরি খাওয়ার পর তিনি ড্রয়িং রুমে নামাজ পড়েন। এরপর শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন। ঘটনার পরই পরিবারের সদস্যরা তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবিদ্ধ হওয়ার পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। শহীদুর রহমান নিজের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শহীদুরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। চাকরি নিয়ে সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।এর আগে গত শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সার্জেন্ট ওয়াজেদ মাহমুদ মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন। তিনিও পারিবারিক জটিলতায় আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ জানিয়েছে।