বনানীতে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকা থেকে গুলি করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি। ওই টাকাও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী রুবেলকে গ্রেপ্তারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানের কর্মচারী রুবেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সে এখনো নিজের সম্পৃক্তার কথা স্বীকার করেনি। তবে এর সঙ্গে জড়িত অন্য একটি চক্রকে শনাক্ত করা হয়েছে।’গত রোববার বনানীর ব্রোকারেজ হাউস মাইকা প্রপার্টিজ অ্যান্ড সিকিউরিটিজের ২৬ লাখ টাকা ছিনতাই হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা যতীন্দ্র চন্দ্র বর্মণ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যাংকে ওই টাকা জমা দিতে যাওয়ার সময় ইকবাল সেন্টারের সামনে কয়েকজন মোটরসাইকেল-আরোহী তাঁকে আটকায় এবং গুলি করে হাতের ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ২৬ লাখ টাকা ছিল বলে যতীন্দ্র পুলিশকে জানান। নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের উল্টোদিকেই প্রিমিয়ার ব্যাংকে রাখার জন্য যতীন্দ্র ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।