বনানীতে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার
চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের পর চালক ও হেলপারকে খুন করার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছিনতাইকারীদের ব্যবহার করা ট্রাকটিও উদ্ধার করা হয়। এর আগে এ ঘটনায় পুলিশ আবু সালাম ও হাশেম গাজী নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।সূত্র জানায়, গত ৯ জানুয়ারি বনানীর একটি জলাশয় থেকে ট্রাকচালক নূর মোহাম্মদ ও হেলপার ইমামুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। শুরুতে লাশের পরিচয় না মিললেও পরে পুলিশ তাঁদের পরিচয় জানতে পারে। পরিচয় ধরে খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে, চালভর্তি ট্রাক ছিনতাই করতেই তাঁদের খুন করা হয়। এরপর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পরে অন্য ছিনতাইকারীদের ধরতে র্যাব অভিযান শুরু করে। র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য চান্দু মিয়া, আবু তালেব চৌকিদার, মো. আউয়াল ও মো. শাহিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব ডাকাতি হওয়া ট্রাকটি গাজীপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার করে। গ্রেপ্তার করা ডাকাত সদস্যরা স্বীকার করেছেন, ডাকাতি করা মালামাল তাঁরা কম দামে বিভিন্ন আড়তে বিক্রি করে দিয়েছেন। তাঁদের মধ্যে চান্দু, তালেব ও আওয়াল ২০ বছর ধরে এভাবে পথে পথে ডাকাতি করেন বলে স্বীকার করেছেন। চান্দুর বিরুদ্ধে ধানমন্ডি, মতিঝিল ও পল্টন থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা আছে।