বনানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে রেললাইনের পাশে গত বুধবার মধ্যরাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব জানিয়েছে, ছিনতাই করার সময় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।র‌্যাব সূত্র জানায়, বনানীর কাবাবঘর-সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে চার-পাঁচজন ছিনতাইকারী বুধবার রাত পৌনে ১২টার দিকে এক দম্পতির পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার চেষ্টা করে। ওই দম্পতির চিৎকার শুনে সাদা পোশাকে র‌্যাব-১-এর একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় তারা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে অজ্ঞাত ওই যুবকের শরীরে একাধিক গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্যরা পালিয়ে যায়। পরে গুলশান থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও দুটি ছুরি উদ্ধার করা হয়।গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই যুবকের লাশ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে কেউ যায়নি বলে মর্গ সূত্র জানায়।র‌্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল গতকাল প্রথম আলোকে বলেন, বনানী কাবাবঘরের পাশে বাগান থাকায় এই এলাকাকে ছিনতাইয়ের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে ছিনতাইকারীরা। তারা ছিনতাই করে সহজেই বাগানের মধ্যে ঢুকে পড়ে। কয়েক মাস আগে সেখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সেনাসদস্য আহত হয়েছিলেন।এম সোহায়েল আরও বলেন, রাজধানীতে ছিনতাই কমে গিয়েছিল। তবে শারদীয় দুর্গাপূজার আগে ছিনতাই বেড়ে যায়। র‌্যাব বনানী কাবাবঘর-সংলগ্ন রেললাইন, মিরপুর বেড়িবাঁধসহ রাজধানীতে ছিনতাইয়ের পাঁচটি স্থান চিহ্নিত করে সেসব স্থানে বিভিন্ন কৌশল অবলম্বন করে সাদা পোশাকে টহল দিচ্ছে।