বনের ঘুঘু খাঁচায় রাখায় অর্ধলাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনেই তাদের দেখা মেলে। আবাসস্থল সেখানেই। কিন্তু বনের ঘুঘুগুলোকে ফাঁদে ফেলে শিকারিরা নিয়ে আসেন রাজধানী ঢাকায়। এসব ঘুঘুকে বিক্রি করেন শৌখিন পাখি পালকদের কাছে। 

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার দুপুরে এ ধরনের খাঁচাবন্দী ৩০টি ঘুঘু আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল। বন বিভাগের অনাপত্তিপত্র না থাকায় এসব ঘুঘু পালনের অভিযোগে এর মালিক সাদেকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

বন বিভাগের সহযোগিতায় এই অভিযানে আটক পাখিগুলোকে বিকেলে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়।

বন পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, অভিযানে তিলা, রাজলাল, কণ্ঠি প্রজাতির ঘুঘু আটক করা হয়। তিলা ঘুঘু ভাওয়াল বনে এবং রাজলাল ও কণ্ঠি ঘুঘু সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়। সাদেকুর রহমান শিকারিদের কাছ থেকে এসব ঘুঘু সংগ্রহ করে পালন করতেন। বন বিভাগের অনাপত্তিপত্র না থাকায় তাঁকে জরিমানা করা হয়। প্রতিটি ঘুঘুর মূল্য প্রায় এক হাজার টাকা।