বন্দনায় আর বাণীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ আকর্ষণ ছিল জগন্নাথ হলের পুকুরের মাঝখানে স্থাপিত চারুকলার শিক্ষার্থীদের তৈরি প্রতিমা
বিশেষ আকর্ষণ ছিল জগন্নাথ হলের পুকুরের মাঝখানে স্থাপিত চারুকলার শিক্ষার্থীদের তৈরি প্রতিমা

জগন্নাথ হলের সরস্বতী পূজা শুধু পূজা নয়, মিলনমেলাও বটে। গত ২২ জানুয়ারি, শীতের সকালে কুয়াশা ভেদ করে সবাই ভিড় জমাতে থাকে জগন্নাথ হল খেলার মাঠে। এই মাঠেই এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩টি বিভাগের পূজামণ্ডপ ছিল। এ ছাড়া প্রতিবছরের মতোই বিশেষ আকর্ষণ ছিল পুকুরের মাঝখানে স্থাপিত চারুকলা অনুষদের তৈরি প্রতিমা।

সকালে অঞ্জলি প্রদানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। কথা হচ্ছিল বগুড়া থেকে আসা উত্তম সরকারের সঙ্গে। চোখে-মুখে বিস্ময় নিয়ে উত্তম বললেন, ‘দাদার কাছে জগন্নাথ হলের সরস্বতী পূজার কথা শুনি। তাই এবার দাদার সঙ্গে পূজা দেখতে চলে এলাম। কী বিশাল আয়োজন!’ পুরান ঢাকার কাঞ্চনা দেবী তার পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে এসেছেন। সন্তান এখন এই মণ্ডপে তো একটু পর ছুটছে আরেক মণ্ডপে! অঞ্জলি দেওয়ার আগেই হাজির হয়ে গেছেন তাঁরা। ‘এত সকালে কেন?’ প্রশ্নের উত্তরে বললেন, ‘আর বলবেন না! বাচ্চার সকালে স্কুল থাকে। ঘুম থেকে ওঠাতেই পারি না। কত কষ্ট করে ঘুম থেকে ওঠাতে হয়। আর আজ নিজেই উঠে বলছে, “মা, পুজো দেখতে যাব। পুজো”!’
কুয়াশা ভেদ করে সূর্যিমামার দেখা পাওয়া যায়। লোকসমাগম বাড়তে থাকে। বেড়ে যায় প্রাণচাঞ্চল্য। লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুদেশনা পারমিতা ঘোষ। সঙ্গে কয়েকজন বান্ধবী। তাঁরা পুকুরের মাঝখানে স্থাপিত চারুকলা অনুষদের প্রতিমার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। এক ফাঁকে পারমিতা বললেন, ‘আমরা কয়েকজন বান্ধবী প্ল্যান করে একই রঙের শাড়ি পরেছি। খুব ভালো লাগছে। পূজা নিয়ে আর কী বলব? এই হলের সরস্বতী পূজা অসাম্প্রদায়িকতা আর সম্প্রীতির উদাহরণ। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এখানে আসে।’

জগন্নাথ হলের খেলার মাঠ সেজেছিল উৎসবের সাজে। ছবি: সংগৃহীত
জগন্নাথ হলের খেলার মাঠ সেজেছিল উৎসবের সাজে। ছবি: সংগৃহীত


বেশির ভাগ বিভাগ থেকে আগত ভক্ত–অনুরাগীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। ফলফলাদি এবং খিচুড়ি প্রসাদ। এ নিয়ে কথা হয় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, পূজার আয়োজকদের একজন প্রকাশ ঘোষের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল রাতেই আমরা ব্যাচকে দায়িত্ব বণ্টন করে দিয়েছি। গত দশটা দিন আমাদের অনেক পরিশ্রম গেছে। পুণ্যার্থী ও দর্শনার্থীরা খুশি হলে এই পরিশ্রম সার্থক হবে। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে।’
অনেক বিভাগ সরস্বতী পূজা উপলক্ষে সাময়িকী প্রকাশ করে। শিক্ষার্থীদের কবিতা-গল্পে ভরে ওঠে সাময়িকী, খুলে যায় মনের ঝাঁপি। শিক্ষার্থীদের মতে, ম্যাগাজিনগুলো সৃষ্টিশীলতার বিকাশে অনেক সাহায্য করে। বিকেল হতে হতে ফুচকার দোকান আর নাগরদোলায় ভিড় বাড়ে। চারদিকে গ্রাম্য মেলার পরিবেশ। আছে মিষ্টি, নানা রকম পিঠার দোকান। সদ্য নাগরদোলা থেকে নেমে আসা একজনের সঙ্গে কথা হলো। পিঠায় এক কামড় বসিয়ে তিনি বললেন, ‘সেই ছোটবেলায় নাগরদোলায় উঠেছিলাম, আর হয়নি। এত বছর পর আবার নাগরদোলায়। স্মৃতিকাতর হয়ে গেলাম! বড্ড মিস করি শৈশবের দিনগুলো।’
সন্ধ্যা নেমে এল। শুরু হলো আলোর ঝলকানি। চোখধাঁধানো আলোকসজ্জা। এ যেন এক ঐশ্বরিক উৎসব! উৎসবের প্রধান অনুষঙ্গ মানুষের ভিড়ে এ সময় চলাফেরা কঠিন হয়ে যায়। তবু সুশৃঙ্খলভাবে উৎসব চলতে থাকে। হল উপাসনালয়ে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। তিনি আগত দর্শনার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এই উৎসবের প্রাণ। আমাদের শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে এই উৎসব আয়োজন করে। হলের আবাসিক শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়া যা সম্ভব হতো না। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জ্বল হোক দেশ।’