বন্ধ কারখানা খুলে দিতে বাড্ডায় শ্রমিকদের অবরোধ
বন্ধ কারখানা খোলার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মধ্য বাড্ডার একটি পোশাক কারখানার শ্রমিকেরা এক ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।পোশাক কারখানাটির শ্রমিকেরা জানান, সকালে তাঁরা কর্মস্থল নিবিড় ফ্যাশনে গিয়ে প্রধান ফটক বন্ধ ও দেয়ালে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। কোনো কারণ ছাড়া কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানা খুলে দেওয়ার দাবিতে দুপুর ১২টার দিকে বাড্ডা পোস্ট অফিসের সামনের প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। অবরোধে প্রধান ও আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকেরা কারখানা খোলার অথবা তিন মাসের অগ্রিম বেতন দেওয়ার দাবি জানান। পরে পুলিশ কর্মকর্তারা দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। এ সময় ভাঙচুর বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।