শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সরকার পাটের ঐতিহ্য পুনরুদ্ধার করার লক্ষ্যে বন্ধ পাটকলগুলো এক এক করে চালু করা হবে। চারটি পাটকল দ্রুত চালুর পাশাপাশি আরও কয়েকটি পাটকল চালু করার ব্যাপারে সরকার বিবেচনা করছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত গণশুনানি সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।নাগরিক সংহতি ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাটচাষিরা মন্ত্রীর কাছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে উন্নত পাটবীজ সরবরাহের দাবি জানান।কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বলেন, ব্যবস্থাপনার ত্রুটির কারণে পাট খাত ধ্বংস হয়েছে।শ্রমিকনেতা শহিদুল্লাহ চৌধুরী বলেন, ভালো ব্যবস্থাপনা ও দক্ষ শ্রমিক নষ্ট হয়ে গেছে। আবার তা ফিরিয়ে আনতে হবে। পাট পণ্য ব্যবহারের নতুন আইন প্রয়োগে সরকারকে শক্ত হতে হবে।সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাট গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, উদ্ভিদ রোগ তত্ত্ববিদ আশরাফুজ্জামান, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ছবি বিশ্বাস, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।