বন্ধ হচ্ছে হাজারীবাগের ট্যানারি
রাজধানীর হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলো বন্ধ করার বিষয়ে হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল রইল। ফলে ট্যানারি মালিকদের আর হাজারীবাগে উৎপাদন কার্যক্রম চালানোর সুযোগ থাকল না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার ট্যানারিমালিকদের একটি আবেদন খারিজ করে দেন, যে আবেদনে মালিকেরা ট্যানারি সরাতে আগামী জুন পর্যন্ত সময় চেয়েছিলেন। আপিল বিভাগের আদেশ শোনার পর পরিবেশ অধিদপ্তর বলছে, তারা আগামী সপ্তাহে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন করে দেবে।
আর কোনো আইনি সুযোগ না থাকায় ট্যানারিমালিকেরাও অনেকটা বাধ্য হয়েই সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়েছেন। গতকাল সকালে ট্যানারি বন্ধের আদেশের পর মালিকদের দুই সমিতি রাজধানীর ধানমন্ডিতে একটি মতবিনিময় সভা করে। দুই সংগঠনের নেতারা জানান, বন্ধের আদেশ ঠেকাতে আর কোনো আইনি প্রক্রিয়া আছে কি না, তা জানার জন্য তাঁরা আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তবে এ আদেশ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে আইনজীবী তাঁদের জানিয়েছেন।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ট্যানারি সরাতে আমরা জুন পর্যন্ত সময় চেয়েছিলাম। তবে সর্বোচ্চ আদালত তা দেননি। আমরা এতে হতাশ ও দুঃখভারাক্রান্ত। তবে সুনাগরিক হিসেবে আমরা আদালতের সিদ্ধান্ত মেনে নিচ্ছি।’
বিএফএলএলএফইএর সভাপতি উল্লেখ করেন, হাজারীবাগের ট্যানারিগুলোর চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লু অংশ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হাজারীবাগে ক্রাস্ট ও ফিনিশড চামড়া উৎপাদিত হয়। সেবা সংযোগ কেটে দিলে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বন্ধ হয়ে যাবে। শ্রমিকেরা বেকার হবেন।
হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে সরকার চেষ্টা করছে বহু বছর ধরে। এ জন্য ২০০৩ সালে চামড়া শিল্পনগর প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে প্রায় ১৯৯ একর জমিতে শুরু করা হয় চামড়া শিল্পনগর গড়ে তোলার কাজ। কিন্তু এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যেমন নির্ধারিত সময়ে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারসহ (সিইটিপি) অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি, তেমনি ট্যানারিমালিকেরাও তাঁদের কারখানা নির্মাণে খুব বেশি এগোতে পারেননি। গত ১৩ বছরে বহু দফা সময় বেঁধে দেওয়া ও তা না মানার ঘটনা ঘটেছে।
বিসিক বলেছে, এখন তারা সিইটিপি আংশিক চালু করে বর্জ্য পরিশোধন শুরু করতে পারবে। অন্যদিকে ১৫৪টির মধ্যে ৪৩টি ট্যানারি সাভারে ওয়েট ব্লু চামড়া উৎপাদন শুরু করেছে। তবে সেখানে কোনো ট্যানারি জুতা, ব্যাগ বা অন্যান্য পণ্য উৎপাদনের উপযোগী প্রস্তুত বা ফিনিশড চামড়া উৎপাদন শুরু করতে পারেনি। প্রস্তুত চামড়া উৎপাদন করে এমন সব কটি ট্যানারি হাজারীবাগে উৎপাদন চালাচ্ছে। গতকাল বিকেলে হাজারীবাগ ঘুরেও এসব ট্যানারিতে উৎপাদন চলতে দেখা গেছে।
ট্যানারি বন্ধে হাইকোর্টের নির্দেশ আসে গত সোমবার। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলোকে অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। এ নির্দেশ স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার আপিল বিভাগে যান বিএফএলএলএফইএর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। তাঁর আবেদনটি গতকাল খারিজ করেন আপিল বিভাগ। আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। বেলার পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও সৈয়দা রিজওয়ানা হাসান।
শুনানিতে শেখ ফজলে নূর তাপস বলেন, ট্যানারিমালিকদের চামড়া শিল্পনগরে জমি এখনো চূড়ান্তভাবে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। সিইটিপি চারটির মধ্যে মাত্র দুটি মডিউলের নির্মাণ শেষ হয়েছে। স্থানান্তরের জন্য ক্ষতিপূরণের সব অর্থ দেওয়া হয়নি। ১১২ কোটি টাকা দেওয়া হয়েছে। ৪৩টি কারখানা সাভারে স্থানান্তর হয়েছে। এখনো সবাই গ্যাস-সংযোগ পায়নি। অন্তত জুন পর্যন্ত সময় (ইউটিলিটির জন্য) দেন। আদালত বলেন, ‘উই আর সরি। ডিসমিসড (খারিজ করা হলো)।’
আদেশের পর বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, শুনানিকালে আদালত দুবার বলেছেন, ‘উই আর সরি’। বলার উদ্দেশ্য হচ্ছে, এত দিন ধরে তাদের সময় দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে ট্যানারিমালিকেরা পদক্ষেপ নেননি। ট্যানারিগুলোর উচিত ছিল অনেক আগেই স্থানান্তরের কাজ শেষ করা করা।
সেবা সংযোগ কাটা হবে আগামী সপ্তাহে
হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের ভার পড়েছে পরিবেশ অধিদপ্তরের ওপর। অধিদপ্তরকে এ ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর। পরিবেশ অধিদপ্তর আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা ডেকেছে। এতে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সেবাদাতা সরকারি সংস্থা, পুলিশ ও র্যা বের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে ট্যানারিমালিকদের সেখানে আমন্ত্রণ জানানো হবে না।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ম. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবারের বৈঠকের দু-তিন দিন পরই অভিযান চালানো হবে। এর আগে আমরা আপিল বিভাগের আদেশের সত্যায়িত কপি সংগ্রহ করব।’
বন্ধ হবে প্লট না পাওয়া ট্যানারিগুলোও
হাজারীবাগে বেশ কিছু ট্যানারি আছে যারা অনেক বছর ধরে চলছে, কিন্তু চামড়া শিল্পনগরে তারা জমি পায়নি। এক্সিম লেদার, আরব ট্যানারি, এমআই ট্যানারি, মিলন ট্যানারি, নোয়াখালী ট্যানারি, লুনা ট্যানারি, ডায়মন্ড ট্যানারিসহ ১৫-১৬টি ট্যানারি সাভারে প্লট না পাওয়াদের দলে।
আরব ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কারখানা বন্ধ করে দিলে কোথায় যাব? আমাকে তো সাভারে জমি দেওয়া হয়নি।’
হাজারীবাগে গতকালও উৎপাদন চলছিল এক্সিম লেদারের। এর ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ‘জমি না দিয়ে বন্ধ করে দেওয়াটা অন্যায্য আচরণ হবে। আমরা সম্ভবত আদালতের আদেশের মধ্যে পড়ব না।’
প্লট না পাওয়া ট্যানারিগুলো বন্ধ করে দেওয়া হবে কি না জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ম. আলমগীর বলেন, ‘কে প্লট পেয়েছে, কে পায়নি, এসব আমাদের বিবেচনার বিষয় নয়। যারা কমপ্লায়েন্ট না (পরিবেশ দূষণ করছে), তাদের বন্ধ করে দেওয়া হবে।’