বন্ধনহীন জীবনে নিঃসঙ্গ ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও পরিবারে কেউ নেই। আবার কারও পরিবার থেকেও নেই। স্বজনহীন-বন্ধনহীন জীবনে প্রায় সবাই অভ্যস্ত হয়ে পড়েছেন। এ কারণেই হয়তো ইফতারের টেবিলও এক করতে পারল না তঁাদের। রাজধানীতে বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার ইফতারের সময় দেখা গেল, এখানকার বাসিন্দাদের প্রায় কেউই একসঙ্গে ইফতারে অভ্যস্ত নন।
জানা গেছে, আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছাড়াও জেলা পর্যায়ে মোট ৫৪টি শাখা আছে। সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদানসহ বিভিন্ন অনুদান ও নিজস্ব আয়ে চলছে প্রতিষ্ঠানটি।
রোজার মধ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। গতকালও এর ব্যতিক্রম ছিল না। ধানমন্ডির একটি অনলাইনভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠানের উদ্যোগে ছিল আয়োজন। ইফতারের দুই ঘণ্টা আগে প্রবীণ নিবাসে গিয়ে দেখা যায়, এখানকার কর্মচারীদের কয়েকজন ব্যস্ত ইফতারি সাজাতে। ওই প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কয়েকজন এসেছেন প্রবীণ নিবাসের বাসিন্দাদের সঙ্গে ইফতার করতে। কিন্তু দেখা গেল বাসিন্দারের প্রায় কেউই একসঙ্গে একই টেবিলে বসতে অভ্যস্ত নন। ইফতারের আগে নিবাসের পঞ্চমতলায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন ইফতারসামগ্রী। বিভিন্ন রুমের বাসিন্দারা থালা-বাটি হাতে বের হন নিজেদের কক্ষ থেকে। ইফতার নিয়ে আবার ঢুকে পড়েন নিজেদের কামরায়।
এখানকার কর্মচারীদের জানান, বাসিন্দাদের প্রায়ই কেউ-ই বাইরের মানুষের সঙ্গে কথা বলতে আগ্রহী নন। এমনকি তাঁরা নিজেদের মধ্যেও খুব কমই যোগাযোগ করেন। দেখা গেল ইফতারের টেবিলে উদ্যোগী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে বসেছেন মাত্র মো. তৈয়বুর রহমান (৬৮) নামের একজন। তিনি বলেন, স্ত্রী-সন্তানেরা জীবিত থাকলেও তাদের সঙ্গে সাক্ষাৎ প্রায় হয়ই না। তবে মাঝেমধ্যে ছেলে আসেন দেখতে। ঈদের সময় কোথায় থাকবেন জানতে চাইলে ম্লান হেসে তিনি বলেন, ‘বেশ কয়েকটি ঈদ এখানেই কাটিয়েছি। এবারও এখানেই কাটাব।’