বন্ধুকে ‘না’ বলা শিখতে হবে
মাদককে না বললে বন্ধুরা কী মনে করবে! বন্ধুর কথা না শুনলে বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুদের না বলতে পেরে ছেলেমেয়েরা একসময় তাই মাদকে জড়িয়ে পড়ে।গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে অভিভাবকেরা এ কথা বলেন। তাঁরা বলেন, ছেলেমেয়েদের না বলা শিখতে হবে।অনুষ্ঠানে যোগ দেওয়া অভিভাবকেরা বলেন, সন্তানদের বুঝতে হবে, যে বন্ধু মাদক নেওয়ার প্রস্তাব দেয় সে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুর প্রস্তাবে মাদক গ্রহণ করলে সে ধীরে ধীরে মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন সবার কাছ থেকে দূরে চলে যায়। কেউ তার পাশে থাকে না। তাঁরা বলেন, জীবনের সবচেয়ে বড় শত্রুও মাদক গ্রহণকারী বন্ধুর থেকে ভালো। অতএব বন্ধুদের মাদক গ্রহণসহ অন্যান্য খারাপ কাজের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করতে হবে, না বলতে হবে।অনুষ্ঠানে মাদকে আক্রান্ত ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে চিকিৎসকেরা পরামর্শ দেন।অনুষ্ঠানে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম; সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, সিফাত ই সাঈদ, ফারজানা রহমান ও ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন।