বন্ধুরাই শাওনকে খুন করেছে বলে সন্দেহ পুলিশের
বন্ধুদের হাতেই স্কুলছাত্র সামিন ইয়াসার ওরফে শাওন (১৪) খুন হয়েছে বলে মনে করছে পুলিশ। গত সোমবার দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসের একটি আবাসিক ভবন থেকে শাওনের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সামিন মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র ছিল। হত্যাকাণ্ডের পর তার বাবা ফরিদ আহমেদ এ ঘটনার জন্য তার বন্ধুদের দায়ী করেন। জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খলিফা বলেন, শাওনের বন্ধুদেরই কেউ তাকে হত্যা করেছে বলে মনে করছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর শাওনের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু গা-ঢাকা দিয়েছে বলে ওসি জানান। সামিনের লাশ ময়নাতদন্তের পর গতকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তরুণীর পরিচয় মেলেনি: এদিকে গত সোমবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসার চিলেকোঠা থেকে উদ্ধার করা তরুণীর লাশের পরিচয় মেলেনি। কীভাবে এ তরুণী সেখানে এল তাও কেউ বলতে পারেনি। তবে স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, ওই বাসার চারতলায় ‘জেনেসিস ভিউ’ নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে তার সঙ্গে মেয়েটির কোনো সম্পর্ক থাকতে পারে। জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, জেনেসিস ভিউয়ের মালিক ও তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা সবাই তরুণীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। স্থানীয় লোকজনের মধ্যে কেউ তরুণীর পরিচয় জানাতে পারেনি।