বন্য প্রাণী রক্ষায় চার দেশে এক প্রকল্প
বন্য প্রাণী সংরক্ষণ ও পাচার রোধে দক্ষিণ এশিয়ার চারটি দেশ একযোগে কাজ করবে। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান বন্য প্রাণী রক্ষায় পরস্পরকে সহযোগিতা করবে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতায় নেওয়া বন্য প্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ (এসআরসিডব্লিইউপি) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বন্য প্রাণী ব্যবস্থাপনায় দক্ষতা, গবেষণা ও প্রশিক্ষণ-সুবিধা সৃষ্টির জন্য একটি বন্য প্রাণী কেন্দ্র গড়ে তোলা হবে।অনুষ্ঠানে জানানো হয়, ২০১১-এর জুলাই থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ২৭৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশ্বব্যাংক এ প্রকল্পে ২৫৪ কোটি টাকা ঋণ সহায়তা দেবে।বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক সঞ্জয় কাঠুরিয়া বলেন, বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণ ও বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক উদ্যোগ নিয়েছে। ২০২২ সালের মধ্যে বিশ্বব্যাপী বাঘের সংখ্যা বর্তমান সংখ্যার দ্বিগুণ করার চেষ্টা আছে।