বরফ হয়ে আছে সেই বরফকল

যে ভবনের বারান্দায় প্রতিদিন বরফ বেচাকেনা হতো, তা এখন ছাগলের দখলে। সেখানে বানানো হয়েছে ছাগল রাখার ঘর। যে মেশিন দিয়ে টনকে টন বরফ তৈরি করা হতো, তা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ১২ বছরে এক দিনও মেশিন চালানো হয়নি। কোটি টাকা মূল্যের মেশিন রাখার ঘর এখন মাকড়সা আর ঝুলকালির দখলে। যে খালি জায়গায় দাঁড়িয়ে জেলেরা আড্ডা দিতেন, তা এখন ক্রিকেট খেলার মাঠ।
রাজধানী কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তীরের চর মীরের বাগ এলাকায় প্রায় এক বিঘা জমির ওপর বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির সমবায় বরফকল ঘুরে দেখা গেছে এই চিত্র।
বরফকলের অপারেটর যাদব চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতায় টিকতে না পারায় এক যুগ আগে বন্ধ হয়ে হয়ে সমবায় সমিতির এই বরফ কলের উৎপাদন। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তখন লাইন কেটে দেওয়া হয়। এরপর আর কোনো দিন বিদ্যুৎ নেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় তিনি মেশিনও আর চালু রাখতে পারেননি। এতে কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে।
সমবায় অধিদপ্তর সূত্র বলছে, ৩০-৩৫ বছর আগে বুড়িগঙ্গা তীরে কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকায় সমবায় অধিদপ্তরের নির্দেশনায় বরফ কলটি চালু করে মৎস্যজীবী সমবায় সমিতি। প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রমাগত লোকসানের মুখে ২০০৫ সালে বরফকলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর সমবায় সমিতি কিংবা সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে বরফকলটি চালু করা বা মেশিন বিক্রিরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সমবায় সমিতি সূত্র বলছে, বরফকলের সম্পত্তি মৎস্যজীবী সমবায় সমিতির হলেও সমবায় অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো কিছু করা সমিতির নেতাদের পক্ষে অসম্ভব।

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান মাসুক নাজিম প্রথম আলোকে বলেন, বহু বছর আগে থেকে মীরের বাগের সমবায় বরফকলের উৎপাদন বন্ধ রয়েছে। বরফকলটি সমবায় সমিতির সম্পত্তি হলেও সমবায় অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো কিছুই তিনি করতে পারবেন না। বরফকলটির অবস্থান এমন জায়গায়, সেখানকার যোগাযোগব্যবস্থা খারাপ। বরফ তৈরির খরচ উঠত না। বেচাকেনা কমে গিয়েছিল। কয়েক বছর লোকসান দেওয়ার পর তৎকালীন সমিতির নেতারা এটি বন্ধ করে দেন। এরপর আর কিছুই করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গার তীর ঘেঁষে সমবায় সমিতির মালিকানাধীন এই বরফকলের তিনটি ভবন রয়েছে। ভবনগুলোর পলেস্তারা খসে পড়ছে। যে ঘরে বরফ তৈরির মেশিন, তার দেয়ালে ফাটল দেখা গেছে। ভবনের সামনের অংশ দখল করে সেখানে তৈরি করা হয়েছে দোকানঘর। ভবনের এক অংশে পরিবার নিয়ে থাকেন বরফকলের অপারেটর যাদব চন্দ্র বর্মণ। তিনি বলেন, ১৫ বছর ধরে তিনি বসবাস করছেন। আগে ট্রলারে করে যাঁরা মাছ বিক্রি করতেন, তাঁদের সবাই মীরেরবাগের এই কলে বরফ নিতে আসতেন। কিনে নিয়ে যেতেন বরফ। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ার একপর্যায়ে প্রতি মাসে লোকসান হতে থাকে। একপর্যায়ে বরফকলের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাঁর চোখের সামনে বরফকলটির মৃত্যু হয়েছে। সমবায় অধিদপ্তর ও সমবায় সমিতির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেল, বরফকলের কোটি টাকার মেশিন নষ্ট হয়ে যাচ্ছে জেনেও কারও কোনো মাথাব্যথা নেই।
সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি) ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরফকলের মালিক জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি। সমিতির টাকায় ভবন নির্মাণ বা বরফ তৈরির যন্ত্রপাতি কেনা হয়। এখন সমিতির নেতাদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা বরফকলটি আবার চালু করবেন, না বরফ তৈরির যন্ত্রপাতি বিক্রি করে দেবেন।
সমবায় সমিতির বরফকলের বিষয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান প্রথম আলোকে বলেন, সমবায় সমিতির এই বরফকলের ব্যাপারে তাঁকে কেউ কিছু জানাননি। তিনি শিগগিরই বরফকলটি দেখতে যাবেন এবং বরফকলের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এভাবে সমবায় সমিতির সম্পত্তি নষ্ট হতে দেবেন না।
