বরেণ্য শিল্পীকে সশ্রদ্ধ বিদায়

অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। হেমন্তের শেষবেলায় গতকাল সোমবার তাঁকে আজিমপুর পুরোনো কবরস্থানে শ্বশুর খান সাহেব বদরুদ্দীন আহমেদের কবরে শায়িত করা হয়। ফুলে ফুলে ঢেকে দেওয়া হয় তাঁর অন্তিমশয্যা।
গত রোববার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরী আকস্মিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাতে মরদেহ রাখা হয়েছিল স্কয়ার হাসপাতালের হিমঘরে।
গতকাল বেলা ১১টার দিকে শিল্পীকে নেওয়া হয় তাঁর শিক্ষা ও কর্মজীবনের স্মৃতিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে গ্রাফিক আর্ট বিভাগের সামনে কালো ব্যানার, সাদা ফুলে সাজানো মঞ্চে শিল্পীর নিথর দেহ রাখার পর তাঁর সহকর্মী, ছাত্র এবং অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ফুল দিয়ে এই অগ্রজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন। শ্রদ্ধা নিবেদন পর্বে অধ্যাপক শিল্পী নিসার হোসেন বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় জয়নুল উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন কাইয়ুম চৌধুরী। উৎসবটি তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে।
শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করে। এখানেও শিল্পীকে আনার আগে থেকেই বিপুলসংখ্যক মানুষ ফুল হাতে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবেরা শ্রদ্ধা জানান।
অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল শিল্পী কাইয়ুম চৌধুরীর আকস্মিক মহাপ্রস্থান। কোনো রোগে ভোগা নেই, সুস্থ-সবল মানুষ গেলেন গানের আসরে। দিব্যি মঞ্চে উঠে গেলেন বক্তৃতা দিতে, দিলেনও। তারপর হঠাৎ কী যেন মনে পড়ায় আবার গিয়ে দাঁড়ালেন মাইকের সামনে। বললেন, ‘আমার আর একটি কথা আছে’—বলেই ঢলে পড়লেন। কী কথা ছিল তাঁর, আর জানা হবে না কোনো দিন। এসবই ঘুরেফিরে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন সবাই। এর আগে ১৯৮৮ সালে জাতীয় কবিতা পরিষদের উৎসবে একইভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পটুয়া কামরুল হাসানের আকস্মিক মৃত্যু হয়।
শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী পেশাজীবী সংগঠন। মন্ত্রীদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, হাশেম খান, গাজী শাহাবুদ্দিনসহ শিল্পীর অসংখ্য বন্ধু, সুহৃদ, অনুরাগী। রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে ছিল আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ঐক্য ন্যাপ, গণতন্ত্রী পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র ইউনিয়ন, রুখে দাঁড়াও বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মহিলা পরিষদ।
অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট, শিশু একাডেমী, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
প্রথম আলো পরিবারের পক্ষে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বরেণ্য শিল্পী শুরু থেকেই প্রথম আলোর প্রধান শিল্প উপদেষ্টা এবং প্রথমা প্রকাশনেরও উপদেষ্টা ছিলেন।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে সংবাদ, সমকাল, কালি ও কলম, বাংলাদেশ টেলিভিশন, দেশ টিভি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, আরণ্যক নাট্যদল, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন, ধরিত্রী বাংলাদেশ, জামালপুর গান্ধী আশ্রম, আরণ্যক নাট্যদল, নাগরিক নাট্য সম্প্রদায়, পথনাটক পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বুলবুল ললিতকলা একাডেমী, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল ফাউন্ডেশন, গ্যালারি কসমস, আতেলিয়ে-৭১, জাতীয় কবিতা পরিষদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইউডা, ঢাকা আর্ট কলেজ, বার্জার পেইন্টসসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া শোক ও শ্রদ্ধা জানায় কণ্ঠশীলন।
এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে অংশ নিতে আসা ৩২ দেশের শিল্পীরাও ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের একপর্যায়ে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রিয় গান ‘সমুখে শান্তিপারাবার/ ভাসাও তরণী হে কর্ণধার’ পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। গানের সঙ্গে শিল্পীর ছেলে মঈনুল ইসলামও কণ্ঠ মেলান। পরে তিনি বাবার আরও একটি প্রিয় গান ‘অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়/ কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায় হায়’ গেয়ে শোনান। গানের পর তিনি শ্রদ্ধা জানাতে আসা সমবেত মানুষের প্রতি বলেন, বাবা সব সময় তাঁর শিল্পদর্শনের মধ্যেই বাস করেছেন। এ দেশের সংস্কৃতি, মানুষ, উদারমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ছিল তাঁর ধ্যানে। তাঁর এই দর্শন অনুসরণের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
শ্রদ্ধা নিবেদনের শেষ পর্যায়ে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও কৃতি তুলে ধরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিল্পী হিসেবে যেমন তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তেমনি মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তিনি আধুনিকতার সমন্বয় ঘটিয়ে শিল্পকলায় নতুন মাত্রা সংযোগ করেছিলেন। মুক্তিযুদ্ধ ছিল তাঁর চেতনায়। প্রকৃতি ও মানুষের প্রতি ছিল গভীর সহানুভূতি। দেশের কল্যাণে কাজ করে গেছেন। কাজের মধ্য দিয়েই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
এ পর্যায়ে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘শিল্পী কাইয়ুম চৌধুরী আমাদের কতটা জুড়ে ছিলেন, তাঁর প্রয়াণের পর এখন সেই শূন্যতা টের পাওয়া যাচ্ছে। তিনি চলে গেছেন এক আলোকিত মঞ্চ থেকে। বড় গৌরবময় এই চলে যাওয়া।’ মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, কিছু কিছু মানুষ আছেন, যাঁদের বিদায় জানানো যায় না। এরপর শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহীদ মিনার থেকে জানাজার জন্য শিল্পীকে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর এখানে প্রথম জানাজার পর তাঁকে শেষবারের মতো আনা হয় আজিমপুরের বাসভবনে। আজিমপুর ছাপরা মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজার পর শেষবেলায় আজিমপুর কবরস্থানে শিল্পীকে শায়িত করা হয় অনন্তকালের শয্যায়।