বর্জ্য নেওয়া হবে রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলা কোনো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম রাখতে চাইছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বাসাবাড়ির ময়লা সংগ্রহ, ময়লা রাখার অস্থায়ী কেন্দ্রে (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস) নিয়ে আসা এবং মূল ডাম্পিং স্টেশনে পাঠানো—পুরো প্রক্রিয়াই সন্ধ্যার পরে সম্পন্ন চায় ডিএনসিসি।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বলছে, নতুন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারীদের সংগঠন (প্রাইভেট ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিডব্লিউএসপি) সহায়তা করছে না। পিডব্লিউএসপির সদস্যদের দাবি, সন্ধ্যার পর বাসাবাড়ির ময়লা সংগ্রহ করতে তাঁদের নানান সমস্যায় পড়তে হয়।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, যেকোনো নতুন কিছু করতে গেলেই প্রথম দিকে সমস্যা হয়। পিডব্লিউএসপি নানা অজুহাত দেখাচ্ছে। পিডব্লিউএসপির সদস্যদের বলা হচ্ছে, বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে তাঁরা বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে ট্রান্সফার স্টেশনে নিয়ে আসবেন। তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থা পুরোটাই রাতের মধ্যে সারতে চাই।’
ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য তৈরি হয়। এর অধিকাংশই বাসাবাড়ির বর্জ্য। ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার অনুমতি আছে প্রায় ২৮০টি বেসরকারি সংগঠনের। এসব সংগঠন বর্তমানে সকাল থেকেই বাসার বর্জ্য সংগ্রহ শুরু করে। পিডব্লিউএসপির কর্মীরা দুপুরের আগেই বাসার বর্জ্য নিয়ে সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত জায়গায় পৌঁছে দেন।
পিডব্লিউএসপির সভাপতি নাহিদ আক্তার প্রথম আলোকে বলেন, রাতে কেউ বাসাবাড়ির ময়লা দিতে চান না। আটতলা-নয়তলা থেকে ময়লা নামিয়ে আনতে হয়। এক বিল্ডিংয়ের ময়লা আনতেই অনেক সময় লেগে যায়। নতুন নিয়মে ময়লা আনতে হলে আগেই বাড়ির বাসিন্দারা যাতে বাসার নিচতলায় এনে ময়লা জমা করেন, সেটা নিশ্চিত করতে হবে।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডে ময়লা ফেলার সেকেন্ডারি স্টেশন বানানো হয়েছে। বর্তমানে এমন ৪৪টি এসটিএস চালু হয়েছে। ফলে সড়কে থাকা ময়লার কনটেইনার সরিয়ে এগুলোর ভেতরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ময়লা পরিবহনের ট্রাক সরাসরি এসটিএসের ভেতরে ঢুকে ময়লা সংগ্রহ করছে। ইতিমধ্যে খোলা ট্রাকের বদলে ময়লা ঢেকে আনা-নেওয়ার জন্য ‘কমপেক্টর ট্রাক কালেকশন’ ব্যবস্থা চালু করা হয়েছে।
বিপন কুমার সাহা বলেন, রাস্তায় ময়লার কনটেইনার রাখায় যানজট লাগত, দুর্গন্ধে পথচারীদের সমস্যা হতো। এ অবস্থা থেকে উত্তরণে ইতিমধ্যে অর্ধশতাধিক এসটিএস নির্মাণ করা হয়েছে। এখন দিনের বেলায় ময়লা পরিবহন থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে নতুন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করা হবে।
ডিএনসিসির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী আছেন প্রায় তিন হাজার। এসব পরিচ্ছন্নতাকর্মী সড়ক ও ড্রেন পরিষ্কারের কাজ ভোরবেলা শুরু করেন। চলে দুপুর ১২টা পর্যন্ত। ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, ‘রাতে কাজ করলে আমাদের সুবিধা হয়। কিন্তু কাজ শেষে বাড়ি ফেরার বিষয় থাকে। আর আমাদের নারী কর্মচারী বেশি। তাই রাতে বর্জ্য ব্যবস্থাপনা করতে হলে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’