
ধোলাইখালের বড় অংশই এখন বক্স কালভার্ট। তবে সূত্রাপুর থানা থেকে পূর্ব দিকে কেশব ব্যানার্জি রোড-সংলগ্ন এলাকায় খালের যে অংশটুকু এখন পর্যন্ত উন্মুক্ত আছে, সেটুকুও আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে।
ধোলাইখালের এই উন্মুক্ত অংশটুকু পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডের আওতায়। ওয়ার্ডের বাসিন্দারা বলেছেন, লোহারপুল সেতুর কাছ থেকে শুরু হয়ে খালের এই উন্মুক্ত অংশটুকু বুড়িগঙ্গা নদীতে মিলেছে। সেখান থেকে পাম্প করে খালের পানি বুড়িগঙ্গায় ফেলা হয়। এমনিতে বক্স কালভার্ট করার পর পরিষ্কারের অভাবে তা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এতে এলাকায় জলাবদ্ধতা বেড়েছে। এখন খালের এই উন্মুক্ত অংশটুকুও যদি ভরাট হয়ে যেতে থাকে, তাহলে দুর্ভোগ আরও বাড়বে।
ডিএসসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের আয়তন এক বর্গকিলোমিটার। লোকসংখ্যা এক লাখের বেশি। ভোটার ২৩ হাজার। আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে মিল ব্যারাক পুলিশ লাইনস, কেশব ব্যানার্জি রোড, অক্ষয় দাস লেন, শাঁখারী নগর লেন, হরিচরণ রায় রোড, আলমগঞ্জ রোড, ঢালকানগর লেন ও সতীশ সরকার রোড।
এ ছাড়া ওয়ার্ডের বাসিন্দাদের কথায় লোহারপুল এলাকার সড়কে ভারী মালবাহী কনটেইনার চলাচলের কারণে সৃষ্ট যানজট ও ঢালকানগর এলাকার বিপর্যস্ত পয়োনালার কথাও উঠে আসে।
গতকাল রোববার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নাগরিক নানা সমস্যার মধ্যেও প্রাণবন্ত জীবনের অনেক উপাদান খুঁজে পাওয়া যায় এই ওয়ার্ডের বাজার ও পথেঘাটে। নাগরিক জীবনের ‘বিচ্ছিন্নতা’ ছুঁতে পারেনি ওয়ার্ডের আদি বাসিন্দাদের, বরং গলির মোড়ের খাবারের দোকান, বাড়ির পাশের রকের আড্ডা জমে ওঠে এখনো। এখানকার প্রাচীন স্থাপনাগুলো অনেক পুরোনো ইতিহাসের সাক্ষী।
ধোলাইখালের উন্মুক্ত অংশে ফেলা হচ্ছে বর্জ্য
ব্রিটিশ কালেক্টর ওয়াল্টারের উদ্যোগে যে লোহারপুল নির্মিত হয়েছিল ধোলাইখালের ওপর, তা এখন নেই। সেখানে বক্স কালভার্টের ওপর এখন গড়ে উঠেছে রাস্তা। তারপরেও সূত্রাপুর থানা থেকে পূর্ব দিকে সামান্য এগিয়ে নামসর্বস্ব সেই পুল থেকে দেখা গেল, পাশেই বক্স কালভার্টের শেষ প্রান্তে গড়ে উঠেছে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)। এই এসটিএস থেকে ডান দিকে কেশব ব্যানার্জি রোডে ঢুকতেই চোখে পড়ল খালের উন্মুক্ত অংশের দুই পাড়েই আবর্জনা। স্থানীয় লোকজন বলেন, আবর্জনা ফেলে ভরাট করে গড়ে তোলা হয়েছে অন্তত ৫০টি অস্থায়ী দোকান।
দেখা যায়, এসব দোকানের বেশির ভাগ বিক্রেতাই নারী। সব মিলিয়ে জায়গাটি রূপ নিয়েছে ছোটখাটো একটি কাঁচাবাজারে। এখান থেকে আরেকটু এগিয়ে খালের পাড়ে আবর্জনা ফেলার আরও চিত্র চোখে পড়ল।
নাম প্রকাশে অনিচ্ছুক মিল ব্যারাক এলাকার এক বাসিন্দা বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী স্থানীয় কয়েক ব্যক্তি ধীরে ধীরে খাল ভরাটের কাজ করছেন। একটু একটু করে জায়গা ভরাট হয়, আর সে অংশটুকু ভাড়া দেওয়া হয় দোকান বসানোর জন্য।
টিনের ছাউনি দেওয়া একটি দোকানে কথা হলো আবদুল মালেক নামের এক মাছ ব্যবসায়ীর সঙ্গে। তিনি জানান, প্রায় এক বছর ধরে তিনি এখানে দোকান উঠিয়ে ব্যবসা করছেন। কয়েক দিন আগে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালালে তিনি কিছুদিনের জন্য ব্যবসা বন্ধ রাখেন। এখন আবার বসেছেন।
এখানে ব্যবসা করার জন্য কাউকে টাকা দিতে হয় কি না, জানতে চাইলে আবদুল মালেক বলেন, ‘এই দুনিয়ায় ট্যাকা ছাড়া কোন জিনিসডা হয়, কন তো? ট্যাকা তো দেওনই লাগে।’ তবে কাকে টাকা দিতে হয় সেটা বলতে রাজি হননি তিনি। একইভাবে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেও এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
রাসেল মৃধা নামের এক ব্যক্তি বলেন, ধোলাইখালের উন্মুক্ত অংশ মাত্র কয়েক শ গজ। এই বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি এসে উন্মুক্ত অংশে পড়ে। এখান থেকে নিষ্কাশনের পথ বুড়িগঙ্গা নদীর দিকে। কিন্তু কালভার্টের ভেতরের পুরো অংশই এখন বর্জ্যে পরিপূর্ণ। দখলদারির কারণে উন্মুক্ত অংশেরও প্রায় একই অবস্থা। পানি সরবে কীভাবে?
এদিকে অক্ষয় দাস লেনের বাসিন্দা শশী ভূষণ বললেন, ওয়ার্ডের মূল সড়ক দিয়ে পণ্যবাহী কনটেইনার চলাচলের কারণে সৃষ্ট যানজটে এলাকাবাসী নাকাল। তিনি বলেন, কনটেইনারগুলো পোস্তগোলা থেকে ঢুকে শ্যামবাজার ও নয়াবাজারের দিকে যায়। অথচ এই পথ দিয়ে এগুলো চলাচল করার কথা নয়।
ঢালকানগর এলাকার বাসিন্দারা বললেন বেহাল পয়োনালার বিষয়ে। মোহাম্মদ সাদেক নামের এক বাসিন্দা বলেন, এখানকার পয়োনালাগুলো প্রায় ৫০ বছরের পুরোনো। এর মধ্যে এগুলোর পরিসর বাড়ানো দূরের কথা, কোনো ধরনের সংস্কারও করা হয়নি। এতে অতিরিক্ত চাপে প্রায়ই নালাগুলো ভেসে যায়।

খাল ভরাটে বিপদের আশঙ্কা
২০১৫ সালের নির্বাচনে ডিএসসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন শহীদউল্লাহ। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: বক্স কালভার্ট বেহাল। ধোলাইখালের উন্মুক্ত অংশটুকুও ভরাট করে ফেলা হচ্ছে। কাউন্সিলর হিসেবে আপনি কী ব্যবস্থা নিয়েছেন?
কাউন্সিলর: ওয়ার্ডের মধ্যে বিপিন রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনির্বাণ ক্লাব পর্যন্ত বক্স কালভার্টের যে অংশটুকু রয়েছে, তার দুই মুখ দখল করে নানা স্থাপনা উঠে গেছে। এ বিষয়ে সিটি করপোরেশনকে বারবার অবহিত করেও ফল পাওয়া যায়নি। আর ধোলাইখালের উন্মুক্ত অংশটুকু যেভাবে ভরাট হচ্ছে, তাতে সমূহ বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। কয়েক দিন আগে ভরাট হওয়া জায়গায় গড়ে ওঠা বাজারটি উচ্ছেদ করা হলেও আবার তা বসেছে। ওয়াসা ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে খালের এই অংশের সীমানা নির্ধারণ করে যদি কাঁটাতার কিংবা দেয়াল তোলা না যায়, তাহলে এটি রক্ষা করা অসম্ভব।
প্রথম আলো: খালের জায়গা ভরাট করছে কারা?
কাউন্সিলর: নাম বলতে চাই না। যারা ভরাট করা জায়গা ভাড়া দিয়ে টাকা আদায় করছে।
প্রথম আলো: ঢালকানগর এলাকার পয়োনালা নিয়ে অনেক অভিযোগ আছে।
কাউন্সিলর: এটার অবস্থা আসলেই ভয়াবহ। পুরো ব্যবস্থা ঢেলে না সাজালে এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। এ ব্যাপারে ওয়াসাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।