বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মানে না ঢাকার ৭৫ শতাংশ হাসপাতাল
ঢাকা মহানগরে হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র আছে সব মিলিয়ে প্রায় এক হাজার ২০০। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মেনে চলছে মাত্র ৩২৫টি প্রতিষ্ঠান।মূলত প্রতিষ্ঠানগুলোর অনীহার কারণে বর্জ্য ব্যবস্থাপনার এই হাল। তবে সরকারের নজরদারির অভাব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতাও এর জন্য দায়ী। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালা থেকে এই তথ্য জানা গেছে।‘হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এবং উত্তরণে কী করা উচিত, তা নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।ঢাকার হাস-পাতালের বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে কাজ করছে বেসরকারি সংগঠন প্রিজম বাংলাদেশ। ওই সংগঠনের কর্মসূচি ব্যবস্থাপক তড়িৎ কান্তি বিশ্বাস কর্মশালায় বলেন, ঢাকা শহরে হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। কিন্তু তাঁরা সংগ্রহ করেন দৈনিক মাত্র আট টন বর্জ্য।সরকারি-বেসরকারি সূত্র জানায়, বাকি বর্জ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রিজমকে দেয় না। কিন্তু কীভাবে নিজেরা সেগুলোর ব্যবস্থাপনা করে, তা-ও কেউ জানে না। এ ব্যাপারে সরকারের নজরদারির অভাব রয়েছে।কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, মহানগরে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। কিন্তু এই প্রক্রিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাদ দিলে চলবে না।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে প্রশিক্ষণ শেষ হয়েছে। কিন্তু চাপে না পড়লে, শাস্তি না দিলে কেউ কাজ করতে চান না। ভারতের একটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে ভ্যানগাড়ির চেয়ে একটু বড় একটি গাড়িতে করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহ করা হয়। সংগ্রহের শুরু থেকে ব্যবস্থাপনার শেষ পর্যায় পর্যন্ত কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি নজরদারিতে রাখা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মালেক বলেন, হাসপাতালের বর্জ্য যেমন: সুঁই, সিরিঞ্জ, স্যালাইন বা রক্তের ব্যাগ, অস্ত্রোপচারের পর মানবদেহের অংশ, রক্ত, পুঁজ, তুলা, গজ, ব্যান্ডেজ যেখানে-সেখানে ফেলায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে।ওই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক নাইম আহমেদ খান বলেন, বেশ কয়েক বছর ধরে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। ঢাকার বাইরে কয়েকটি মহানগরে কাজের বিস্তৃতি ঘটেছে। কিন্তু এখনো নিরাপত্তার মানদণ্ড বিবেচনায় এই কাজ অনেক পিছিয়ে আছে। কর্মশালায় পরিবেশ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ছিলেন না। হাসপাতাল, ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্র স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। ওই ছাড়পত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও বাধ্যবাধকতার কথা উল্লেখ করা থাকে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিডোর আঞ্চলিক পরিচালক আইজুমি ফুজিনো। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের এদেশীয় ব্যবস্থাপক কাইল কেলহোফার ও ভিয়েনায় ইউনিডো সদর দপ্তরের কর্মসূচি ব্যবস্থাপক আইনো ফুকুইয়া প্রমুখ বক্তব্য দেন।