রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। তবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের বিষয়টি দরপত্রের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। দরপত্র আহ্বানের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে সরকারের নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনে এসব দেখা গেছে। প্রতিবেদন অনুসারে, চামড়া শিল্পনগরীর জন্য সাভারে জমি অধিগ্রহণ করা হয়েছে। অবকাঠমো নির্মাণের কাজ অর্ধেক শেষ হয়েছে।গত সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিল্প মন্ত্রণালয়ের কৌঁসুলি এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেন। আদালত তিন মাস পর আবার এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি মালিক সমিতির সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার মেয়াদ ছয় মাস বৃদ্ধি করেন আদালত। পাশাপাশি তিন মাস পর এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৩১ মে প্রতিবেদনটি দাখিল করা হয়।প্রতিবেদনে জানা যায়, সাভারে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। রাস্তাঘাট নির্মাণের কাজ শেষ হয়েছে। সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৫৯ শতাংশ শেষ হয়েছে। পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। সিইটিপি নির্মাণের জন্য গত বছরের ১৯ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। ১৩টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এ বছরের মার্চ মাসে ১৫ সদস্যের মূল্যায়ন কমিটি গঠিত হয়। কমিটি ১৬ বার সভায় মিলিত হয়। মূল্যায়ন শেষে কমিটি গত ২৩ মে বিসিকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।আদালতে সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম, রিট আবেদনকারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে আইনজীবী ইকবাল কবির ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী রইসউদ্দিন আহমেদ মামলা পরিচালনা করেন।প্রতিবেদনের বিষয়ে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে প্রতীয়মান হয়, সিটিপি নির্মাণের কাজ এখনো দরপত্র আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এখনো কার্যাদেশ চূড়ান্ত হয়নি।শিল্প মন্ত্রণালয়ের কৌঁসুলি রইসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সিটিপি নির্মাণের দরপত্র এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ শুরুর প্রশ্নে তিনি বলেন, নির্মাণের কাজ শুরু হয়নি। তবে কার্যাদেশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হওয়ার পর নির্মাণকাজ শুরু হবে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম জানান, তিন মাস পর আবার এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, গত বছরের ২৩ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ হাজারীবাগের ট্যানারি কারখানা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সাভারে স্থানান্তরের নির্দেশ দেন। এই সময়ের মধ্যে স্থানান্তর করা না হলে শিল্পকারখানাগুলো বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়। এ ছাড়া ২০১০ সালের ৩০ জুনের মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) ও দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র স্থাপন করতে নির্দেশ দেওয়া হয়। হাজারীবাগে ১৭৮টি ট্যানারি রয়েছে।