১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার বিষয়ে বিপরীত অভিমত প্রকাশ করেছেন বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদ ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। শফিক আহমেদ মনে করেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের ব্যাপারে উচ্চ আদালতের রায় ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার পথকে সুগম করেছে। এতে বৈষম্যহীন সমাজ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে মওদুদ আহমদ মনে করেন, বর্তমান সরকার কোনোভাবেই ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতে পারবে না। কারণ, ১৯৭২ সালের সংবিধানে জরুরি আইন ও বিশেষ আইনের বিধান ছিল না। আওয়ামী লীগ পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে এগুলো অন্তর্ভুক্ত করেছে।গতকাল শনিবার শফিক আহমেদ বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকশিস) সম্মেলনে এবং মওদুদ আহমদ চেতনায় মুক্তিযুদ্ধ নামের একটি সংগঠনের আলোচনা সভায় ১৯৭২ সালের সংবিধানে ফেরা প্রসঙ্গে অভিমত ব্যক্ত করেন। বাকশিসের সম্মেলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। চেতনায় মুক্তিযুদ্ধ সংগঠনের আলোচনা অনুষ্ঠানটি ছিল পল্টনের ভাসানী মিলনায়তনে।শফিক আহমেদ আরও বলেন, পঞ্চম সংশোধনীসংক্রান্ত রায়ে ধর্মকে আঘাত করা হয়নি, বরং রায়ে ধর্মকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। কোনো কোনো মহল এ রায়ের অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিল হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সংবিধানে সামরিক শাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিধান নেই। সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সংসদ সামরিক আইন জারি করতে পারে না। সংবিধানের বাইরে গিয়ে সংসদ কিছু করলে সুপ্রিম কোর্ট কখনোই এর বৈধতা দেবেন না।অন্যদিকে মওদুদ আহমদ বলেন, সরকার মনে করছে, সুপ্রিম কোর্টের মাধ্যমে যদি আইনটি প্রণয়ন করা যায়, তাহলে সংসদে সংশোধনী আনার কোনো দরকার পড়বে না।বাকশিসের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এম এম আকাশ, ম আক্তারুজ্জামান, এম এ বারী ও বিজয় কুমার। চেতনায় মুক্তিযুদ্ধের আলোচনায় আরও বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন ও শামা ওবায়েদ।