বর্তমানে আমরা বহু ভাষায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে আমরা শুধু উর্দু ভাষায় আক্রান্ত হতাম। কিন্তু বর্তমানে আমরা বহু ভাষায় আক্রান্ত। অথচ ভাষা আন্দোলনের অন্যতম দাবি ছিল ‘সর্বস্তরে বাংলা চাই’।’
গতকাল সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। ‘অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। অনুষ্ঠানের শুরুতে ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী ও জসীম উদ্দিন আহমেদকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। মিজানুর রহমান বলেন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষিত হয়ে যেকোনো জাতি উন্নতি লাভ করতে পারে। সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে নতুন প্রজন্মকে ভাষাসৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
কলা অনুষদের ডিন মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সাবির আহমেদ চৌধুরী, জসীম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক আবু মোহাম্মদ দোলেয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দীন প্রমুখ বক্তব্য দেন।