বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস বর্জন করে গতকাল বেলা ১১টা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাখানেক বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এর আগে গত সোমবার দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে উপাচার্যকে স্মারকলিপি দেন। খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তির সময় এক হাজার টাকা সেমিস্টার ফি নেওয়া হয়। সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের ভর্তির সময় আবারও তাঁদের ওপর ৬০০ টাকা সেমিস্টার ফি ধার্য করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক, ইউনিয়ন, ছাত্রছাত্রী কল্যাণসহ বিভিন্ন খাতে গত বছরের চেয়ে অতিরিক্ত ৩৮০ টাকা পরিশোধ করতে বলা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সুযোগ-সুবিধা না বাড়াতে পারলেও কর্তৃপক্ষ বিভিন্ন কৌশলে ফি বাড়ানোর চেষ্টা করছে। গতবারের চেয়ে এবার শুধু সেমিস্টার ফি বাবদ ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া গুটিকয়েক শিক্ষার্থীকে পরিবহন সুবিধা দিয়েই এ বছর এই খাতের অবকাঠামো উন্নয়নে বাড়তি নেওয়া হয়েছে ৪০০ টাকা। উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের ফি খুবই অল্প পরিমাণে বাড়ানো হয়েছে।’