বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের নেতারা অভিযোগ করেন, অনুমতি না নেওয়ার অজুহাতে কর্মসূচি শুরুর আগে প্রক্টর বাধা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের জন্য ছাত্রফন্টের নেতা-কর্মীরা একত্র হন। তাঁরা বেশ কয়েকটি প্লাকার্ড ভাস্কর্যে ঝুলিয়ে দেন। এ সময় প্রক্টর কাজী আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির জন্য পূর্ব অনুমতি আছে কি না জানতে চান। অনুমতি না নেওয়ায় তিনি কর্মীদের ভর্ত্সনা করেন।প্রক্টরের বাধা উপেক্ষা করে দুপুর পৌনে ১২টায় ছাত্রফন্টের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন এবং পরে বিক্ষোভ মিছিল করেন। এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইমরান হাসান, শরীফুল চৌধুরী, মাসুদ রানা প্রমুখ।ছাত্রনেতারা অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ৪১৫ টাকা বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান। তাঁরা মানববন্ধনে বাধা দেওয়ায় এবং একজন কর্মীকে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ করেন।