বর্ধিত সময়েও শেষ হচ্ছে না ভাষানটেক পুনর্বাসন প্রকল্প
দ্বিতীয় দফায় নির্ধারিত সময়ের মধ্যেও শেষ হবে না বস্তিবাসী ও নিম্নবিত্ত ব্যক্তিদের জন্য গৃহীত ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ। এ প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়ন-সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়ে বলেছেন, পরিকল্পনায় ভুল থাকাই এর কারণ।ভূমি মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রকল্পটি নতুন পর্যায়ে বাস্তবায়নের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যে একটি পরিকল্পনা জমা দেবে। বৈঠক সূত্র জানিয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বলেন, এ প্রকল্পের জন্য নতুনভাবে পরিকল্পনা করে দ্বিতীয় পর্যায়ে তা বাস্তবায়ন করতে হবে। তাই কোনোভাবেই ৩১ ডিসেম্বরের মধ্যে তা সম্ভব নয়। ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের মূল কার্যাদেশ অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় গত বছরের অক্টোবরে চুক্তি বাতিলের পর প্রকল্পের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পরিকল্পনা জমা দেওয়ার পর সিদ্ধান্ত হবে, দরপত্র ডেকে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান খোঁজা হবে, নাকি গণপূর্ত মন্ত্রণালয় নিজেরা এককভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) পুণ্যব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে এক মাস সময় নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে তারা পূর্ণাঙ্গ প্রস্তাব না দিলে অথবা তাদের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে, তারা পিপিপির দিকে যাবে। প্রকল্পটি যেহেতু এই মেয়াদে শেষ করা সম্ভব হবে না, তাই তা দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।এদিকে ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে জানিয়েছেন, সুবিধাভোগীদের তালিকা আবার যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তাদের খালি ফ্ল্যাটে ওঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানতে চাইলে গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিল্লার রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভূমি মন্ত্রণালয় আমাদের ৪০ একর জায়গা হস্তান্তর করার কথা বলেছে। এই বিশাল জায়গায় এত বড় প্রকল্পের পরিকল্পনা তৈরি করতে অন্তত এক মাস সময় লাগবে। এ ছাড়া আমরা শুধু পরিকল্পনা দেব, কিন্তু বাস্তবায়ন কে করবে বা কীভাবে করা হবে, সে সিদ্ধান্ত পরে হবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এলাকায় যাঁরা বাস করতেন, তাঁদের চিহ্নিত করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নানা অনিয়ম-দুর্নীতি ও সময়মতো কাজ শেষ করতে না পারায় গত বছর অক্টোবর মাসে সরকার প্রকল্পটির বাস্তবায়ন ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ‘নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’ (এনএসপিডিএল) সঙ্গে চুক্তি বাতিল করে।