বর্ষার আগেই সব সড়ক উপযোগী রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বর্ষা মৌসুম আসার আগেই জেলা সড়কগুলো সংস্কার ও মেরামতের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী রাখার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।মন্ত্রী গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের জেলা সড়ক উন্নয়ন ও বিআরটিএর কার্যক্রম পর্যালোচনা সভায় এ কথা বলেন।মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম বিষয়ে তিন বছরের বেশি পদায়নরত কর্মকর্তাদের বদলি, জেলা ও মফস্বলের সব গাড়ির ফিটনেস নিশ্চিতকরণ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট সংযোজনসহ বিআরটিএ অফিসগুলো থেকে দালাল চক্র দূরীকরণে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেন।পদ্মা সেতুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২ মার্চ (কাল) প্রধানমন্ত্রী জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডে পদ্মা নদীর তীর রক্ষা কাজের উদ্বোধনকালে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।সভায় মন্ত্রী জানান, মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু দুটির শেষ পর্বের স্থায়ী মেরামতকাজের জন্য আগামী ১৫ মার্চ সকাল আটটা থেকে ২১ মার্চ সকাল আটটা পর্যন্ত সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী।