বর্ষায় ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা
তিন হাজার ৬০ বর্গকিলোমিটার আয়তনের ঢাকা মহানগরে ওয়াসার ড্রেনেজ লাইন রয়েছে ২৬৪ কিলোমিটার। এসব ড্রেনেজ লাইন ঘণ্টায় মাত্র ১০ মিলিমিটার বৃষ্টি ধারণ করতে পারে। এর বেশি বৃষ্টি হলে ঢাকার অনেক এলাকা তলিয়ে যায়। এসব ড্রেনেজ লাইনের পাইপ কিছু চওড়া করা হলেও এক যুগেরও বেশি সময়ে ওয়াসা নতুন লাইন বাড়াতে পারেনি। ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা যায়।সূত্রমতে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আসন্ন বর্ষা মৌসুমে ভারী ও টানা বর্ষণে এবার পূর্ব ঢাকার রামপুরা-বাসাবো-গোড়ান, মধ্য-পশ্চিম ঢাকার মতিঝিল-পুরানা পল্টন থেকে হাজারীবাগ-শুক্রাবাদ, পশ্চিম ঢাকায় গুলশান-বারিধারা-বাড্ডা, বকশিবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শেরেবাংলা নগর, বিজয় সরণিতে ড্রেনেজ লাইন সরু। গত মাসে সেখানে চওড়া পাইপ বসানো হলেও এখনো আন্তসংযোগের কাজ শেষ হয়নি। মিরপুরের ৯০ শতাংশ অংশে ও উত্তরায় ওয়াসার ড্রেনেজ লাইন তৈরি হয়নি। পুরান ঢাকার গোপীবাগ, স্বামীবাগ এবং কে এম দাস লেনে অনেক দিন ধরে মোটা পাইপ বসানোর কাজ চলছে। বর্ষার আগে এ কাজ শেষ হবে কি না, সে বিষয়ে ওয়াসার স্থানীয় কর্মকর্তারা পরিষ্কার কিছু বলতে পারছেন না।সূত্রমতে, ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ গভীর নর্দমা লাইন ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ভূ-উপরিস্থ (সারফেস ড্রেন) প্রায় আড়াই হাজার কিলোমিটার নর্দমা লাইন পরিষ্কার না করায় এবার জলাবদ্ধতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পানি ধরে রাখার জন্য রাজধানীতে যেসব জলাশয় ও খাল রয়েছে, সেগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নদী পর্যন্ত যেতে পারবে না। চলতি বছরের শুরুতে ১২টি খাল দখলমুক্ত করা হলেও কল্যাণপুরসহ বেশির ভাগ খাল আবার দখল ও ভরাট হয়ে গেছে। তবে এগুলো আবার উদ্ধার করে বৃষ্টির পানি যাওয়ার পথ তৈরি করা হলেও সমস্যার সমাধান হবে না। কারণ ভারী বৃষ্টিতে ঢাকার নদীগুলোর পানির উচ্চতা বাড়বে। খনন না করায় নদীগুলোর পানি ধারণক্ষমতা কমে গেছে।ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের প্রধান ওয়াকিল শিকদার অবশ্য বলেছেন, জলাবদ্ধতা রোধে ব্যাপক কাজ হচ্ছে। বিশেষ করে বৃষ্টির পানি প্রবাহের জন্য সেগুনবাগিচা, ধোলাইখাল বক্স কালভার্টের ভেতরের আবর্জনা সরানো হয়েছে।তবে পুরানা পল্টন, ফকিরেরপুল ও বাংলাদেশ ব্যাংকের পেছনে নতুন রাস্তায় গিয়ে দেখা যায়, কালভার্টের বড় বড় ঢাকনা খোলা রয়েছে এবং তুলে আনা আবর্জনা রাস্তায় রাখা হয়েছে। বৃষ্টি হলে সেগুলো আবার কালভার্টে চলে যাবে।সমন্বয় নেই: এদিকে ওয়াসা, ডিসিসিসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে জলাবদ্ধতা প্রতিরোধে সঠিক সমন্বয়ও নেই। ডিসিসি সূত্র জানায়, পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকা, গোপীবাগ, মালিবাগ, মগবাজারসহ বিভিন্ন স্থানে ওয়াসা ঝড়-বৃষ্টির পানি নিষ্কাশনের নালা সংস্কার করতে গিয়ে ডিসিসির নিষ্কাশন নর্দমাগুলো ভেঙে ফেলেছে। অনেক নর্দমা ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে।অন্যদিকে ওয়াসার অভিযোগ, ডিসিসির নর্দমার সঙ্গে ওয়াসার ড্রেনেজ লাইনের সংযোগ আছে। কিন্তু সেগুলো ভরাট থাকায় বৃষ্টির পানি রাস্তায় আসে। রাস্তাগুলোর দুই ধারে ডিসিসির নর্দমার বেশির ভাগই দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। সেগুলোর কারণে ওয়াসার নিষ্কাশন নালা-নর্দমাও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন ঢাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ সমস্যা কমাতে বিভিন্ন সংস্থার সমন্বয় থাকতেই হবে। এটা অনেক দিন থেকেই বলা হচ্ছে। জলাবদ্ধতা কমানোর দায়িত্ব ওয়াসার। তার পরও ডিসিসি সহযোগিতার চেষ্টা করে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, সমন্বয়ের জন্য তাঁরা নিরন্তর কাজ করছেন। ওয়াসা নিজ উদ্যোগে রামপুরা, জনপথ স্লুইসগেটসহ বিভিন্ন এলাকায় পানিনিষ্কাশন পাইপ বসানোর কাজ শুরু করেছে। বক্স কালভার্টগুলোর আবর্জনা পরিষ্কারের কাজও নিয়মিত চলছে।