বলধা গার্ডেনের দুর্লভ গাছগুলো সংরক্ষণের দাবি
পুরান ঢাকার ওয়ারীর ঐতিহ্যবাহী বলধা গার্ডেনের চারপাশে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। এতে বাগানের গাছগুলো পর্যাপ্ত আলো-বাতাস পাচ্ছে না। এসব গাছের ঠিকমতো যত্নও নেওয়া হয় না। এভাবে দুর্লভ গাছগুলো হারিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টায় কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘সংকটাপন্ন বলধা গার্ডেন, বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে পবা।
বক্তারা বলেন, প্রতিবছর বর্ষায় পয়োনিষ্কাশনের উপচেপড়া ময়লা পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় বলধা গার্ডেনের অনেক গাছ মারা যাচ্ছে। বিলুপ্ত গাছের তালিকা প্রতিনিয়তই বাড়ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই এই বাগান ধ্বংস হয়ে যাবে। বাগান রক্ষার পাশাপাশি বিকল্প বলধা গার্ডেন প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি অংশগ্রহণ দরকার। বক্তারা আরও বলেন, বর্তমানে এই বাগানের সর্বত্র অযত্নের ছাপ। সংরক্ষিত সাইকি অংশের পরিস্থিতিও বেশ নাজুক। স্বল্পসংখ্যক মালি নিয়ে শুধু গাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।