বসন্ত উৎসবে প্রতিবাদের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়ায় কোকিলের কুহুধ্বনি। ঋতুর পালাবদলের খেলায় কচি সবুজ পাতায় সেজেছে নগরের গাছগুলো। কংক্রিটের এই নগরে সামান্য কিছু অশোক, পলাশ, শিমুলের ডালে নতুন রঙিন সাজ। প্রকৃতির এসবই ছুঁয়ে গেল পোশাকে, সাজসজ্জায়। রং মাখানো রঙিন মন গেয়ে উঠল ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’। আর সব আয়োজনে ছিল দ্রোহ ও প্রতিবাদের ছোঁয়া। মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে দেশজুড়ে সৃষ্টি হওয়া গণজাগরণের হাওয়া এসে যেন আছড়ে পড়েছে ১৪১৯ বঙ্গাব্দের বসন্তের গায়ে।গতকাল বুধবার পয়লা ফাগুনে রাজধানীতে বসন্তের সুরের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বসন্তবরণ উৎসবে। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করেছিল। কাঁচা রোদমাখা সকালে চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্তবরণের অনুষ্ঠান।‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানে অনুষ্ঠিত এই আয়োজনে চারুকলার বকুলতলা ও রবীন্দ্রসরোবরের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক।ভোর থেকে উৎসবে আসা অতিথিদের বরণ করা হয় রংবেরঙের ফুলের পাপড়ি দিয়ে। কপালে আঁকা হয় আবিরের আলপনা। হাতে বেঁধে দেওয়া হয় পোড়ামাটি দিয়ে তৈরি প্রীতিবন্ধন। সকাল সাড়ে সাতটায় অর্কেস্ট্রার মধুময় সুরধ্বনি ছড়িয়ে শুরু হয় উৎসব। সার বেঁধে বসা পনেরো বাদকের বেহালা, বাঁশি, তবলা ও সুর-লহরীর সমন্বয়ে ২০ মিনিটের অনবদ্য সুরেলা শব্দমালা মোহাবিষ্ট করে রাখে উৎসবে আগন্তুকদের। পরিবেশনাটি উপস্থাপন করে মিউজিক্যাল অর্কেস্ট্রা দল স্পর্শ। যন্ত্রসংগীতের পরে মঞ্চে আসেন বাকশিল্পী রফিকুল ইসলাম। ভরাট কণ্ঠে পাঠ করেন বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁকে নিয়ে রচিত নির্মলেন্দু গুণের কবিতা ‘আজ কারও রক্ত চাইতে আসিনি’। এরপর পালাক্রমে চলতে থাকে গান, নৃত্য ও কবিতার পরিবেশনা। পরিবেশনার মধ্যে ছিল বসন্তকথন। এখানেও উঠে আসে মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবি। পরিষদের সহসভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী আরিফ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানজারুর চৌধুরী।দুপুরে কিছুটা বিরতি দিয়ে বৈকালিক পর্ব শুরু হয় চারটায়। এই পর্বে ছিল দলীয় ও একক সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি। বিকেলে বাহাদুরশাহ পার্কেও বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মতো সংসদ ভবন চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যানেও দেখা গেছে বাসন্তী রঙের খেলা। বসন্তবরণের এই খেলায় পিছিয়ে ছিলেন না প্রৌঢ় থেকে শুরু করে শিশু, কিশোর, তরুণ বা মধ্যবয়সীরাও।বন্ধুসভার বসন্তবরণজগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে বসন্তবরণ অনুষ্ঠান করে প্রথম আলো বন্ধুসভা। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিলন বিশ্বাস, হাবিবুর রহমান প্রমুখ। নাটক পরিবেশন করেন রাকিবুল হাসান, উত্তম সাহা, তানিন ও মুনিরুজ্জমান। আর আবৃত্তি করেন জ্যোতি প্রকাশ।আজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বসন্তবরণআজ বৃহস্পতিবার সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী বসন্ত উৎসব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে উৎসব শুরু হবে সকাল সাড়ে সাতটায়।