বস্তা থেকে মিলল গাড়িচালকের মাথাবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সেতুর নিচ থেকে গতকাল বুধবার দুপুরে কাওসার মোল্লা (৩৬) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটি মাথাবিহীন। লাশের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ এবং পরে স্বজনেরা লাশটি গাড়িচালক কাওসার মোল্লার বলে শনাক্ত করেন।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বছিলা সেতুর নিচ থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। তাঁর পরনে ছিল কালো রঙের জিনস প্যান্ট ও নীল টি-শার্ট। তাঁর হাত-পা বাঁধা ছিল। আশপাশে তল্লাশি চালিয়েও তাঁর মাথা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে লাশটি বস্তায় ভরে ফেলে গেছে ঘাতকেরা। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নিহত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তাঁর নাম কাওসার মোল্লা। এর সূত্র ধরে তাঁর চাচা ও ফুপুকে খবর দেওয়া হয়। থানায় আসা নিহত কাওসারের স্বজনেরা পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে কাওসারের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না। তিনি কোথায় থাকতেন, তা-ও তাঁরা জানতেন না।জাতীয় পরিচয়পত্রে কাওসারের বর্তমান ঠিকানা মিরপুরের দক্ষিণ পীরেরবাগ উল্লেখ থাকলেও সেখানে তিনি থাকতেন না। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার সুজনকাঠিতে। তাঁর বাবার নাম রতন মোল্লা।হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।