বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে, হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পীরেরবাগ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। গতকাল রোববার স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে মাছ ব্যবসায়ী শামীম আহমেদ (২৮) নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন। গতকাল দুপুরে পুলিশ এ ঘটনায় শেওড়াপাড়ার আনন্দবাজারের একটি মেসে অভিযান চালিয়ে ইব্রাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ইব্রাহিম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, গ্রামের বাড়িতে তরমুজের খেতের বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। গত বুধবার নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে শামীম নিখোঁজ হন। গত শুক্রবার বিকেলে দক্ষিণ পীরেরবাগের একটি প্লট থেকে পুলিশ বস্তাবন্দী শামীমের লাশ উদ্ধার করে। লাশটির গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেছে। গতকাল মর্গে শামীমের চাচাতো ভাই আল আমিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার শামীম তাঁর স্ত্রী শিরিন সুলতানাকে নিয়ে পটুয়াখালীর গলাচিপা থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটীতে ভায়রার বাসায় বেড়াতে যান। বুধবার সকালে তিনি স্ত্রীকে নিয়ে স্থানীয় কাঁচাবাজারে কেনাকাটা করতে যান। এ সময় শামীমের মুঠোফোনে কল আসে। এরপর তিনি ঢাকার শেওড়াপাড়া যাওয়ার কথা বলে রওনা দেন। আল আমিন বলেন, দুপুর ১২টার দিকে শামীমের সঙ্গে তাঁর স্ত্রী যোগাযোগ করলে বলা হয়, তিনি যানজটে আটকা পড়ে আছেন, দুপুরে খাবার খেয়ে তিনি গ্রামের বাড়িতে চলে যাবেন। বেলা দুইটার দিকে শামীমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দুই দিনে খোঁজ না পাওয়ায় শুক্রবার বিকেলে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর লাশ পাওয়া যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ইব্রাহিম পুলিশকে জানিয়েছেন, তিনি ভ্যান চালান এবং শেওড়াপাড়ার আনন্দবাজারে একটি মেসে থাকেন। শামীম ও তাঁর গ্রামের বাড়ি গলাচিপায়। গলাচিপার বাসিন্দা দেলোয়ার হোসেনের সঙ্গে শামীমের তরমুজের খেত নিয়ে বিরোধ ছিল। দেলোয়ার তাঁর সঙ্গে শেওড়াপাড়ায় একই মেসে থাকেন। গ্রামের বাড়িতে এ নিয়ে তাঁদের মধ্যে মীমাংসা হলেও দেলোয়ার ক্ষুব্ধ ছিলেন শামীমের ওপর। ইব্রাহিম পুলিশকে আর জানান, শামীম পটুয়াখালী থেকে নারায়ণগঞ্জে এসেছেন খবর পেয়ে দেলোয়ার মুঠোফোনে আনন্দবাজারে মেসে ডেকে নিয়ে যান। এরপর তিনি ও দেলোয়ারসহ তিনজন মিলে শামীমের গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ বস্তায় ঢুকিয়ে ভ্যানে করে দক্ষিণ পীরেরবাগে নিয়ে ফেলে দেন।