বস্তি উচ্ছেদ বন্ধে আইন হচ্ছে
সরকারি ভূমি থেকে বস্তিবাসীদের উচ্ছেদ প্রতিরোধে আইন তৈরির লক্ষ্যে আগামী সংসদ অধিবেশনে একটি বিল উত্থাপন করা হবে। ওই বিল অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া কোনো বস্তি উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের আগে কমপক্ষে ৩০ দিনের নোটিশ দিতে হবে।গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে নগর দরিদ্র বস্তিবাসীদের উন্নয়ন সংস্থা (এনডিবিইউএস) আয়োজিত কর্মশালায় সাংসদ সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন। নগর দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে দুই বছর মেয়াদি কার্যক্রমের সমাপনী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আ. হামিদ ফকির।অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, ঢাকায় প্রায় ৪০ লাখ লোক বস্তিতে বাস করে। কিন্তু ঢাকা সিটি করপোরেশন বা রাজউকের কোনো কর্মসূচিতে বস্তি উন্নয়ন বা নিম্নবিত্তদের গৃহায়ণের কোনো উদ্যোগ নেই। এসব বস্তির পরিধি পাঁচ কাঠা থেকে ৮০-৯০ একর পর্যন্ত। এ বস্তিগুলোর একেকটি ঘরে দুই থেকে আটজন লোক বাস করে। পাঁচ থেকে ১০ পরিবারের জন্য একটি টয়লেট রয়েছে। পানি-বিদ্যুৎ সরবরাহ খুবই কম এবং সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই।বস্তি উচ্ছেদ প্রতিরোধে বিল উত্থাপন প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আশা করছি, আগামী সংসদ অধিবেশনে এ বিল পাস হয়ে যাবে। আর দেশবাসী অকারণ বস্তি উচ্ছেদ প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ আইন পাবেন।’নগর গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে এনডিবিইউএসের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচিগুলো প্রশংসার দাবিদার।দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, সরকারের আরবান পার্টনারশিপ ফর পোভার্টি রিডাকশনের (ইউপিপিআরপি) জাতীয় প্রকল্প পরিচালক আলী আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিবিইউএসের সাধারণ সম্পাদক এম এ রশিদ খান।