বস্তি থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার স্বামী পলাতক
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বস্তি থেকে পুলিশ গত মঙ্গলবার মধ্যরাতে সাথী আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, সাথীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পল্লবী থানা সূত্র জানায়, সাথী তাঁর স্বামীর সঙ্গে মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-ব্লকের ১৫ নম্বর সড়কসংলগ্ন কচুওয়ালার বস্তিতে থাকতেন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই বাসার তালা ভেঙে খাটের ওপর থেকে সাথী আক্তারের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।বস্তিঘরের মালিক মমতাজ বেগম পুলিশকে জানান, মঙ্গলবার দুপুরে সাথীর সঙ্গে তাঁর স্বামী সাইফুলের ঝগড়া হয়। এ সময় সাথীকে মারধর করেন সাইফুল। সন্ধ্যার পর শিশুর চিৎকার শুনে বস্তির লোকজন এগিয়ে এসে দেখেন সাথীর এক বছরের মেয়ে চিৎকার করছে। বাইরে থেকে ঘরে তালা লাগানো। পরে পল্লবী থানার পুলিশ এসে সাথীর লাশ উদ্ধার করে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে সাথীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক সাইফুল পালিয়ে গেছেন।এ ব্যাপারে বস্তির মালিক মমতাজ বেগম বাদী হয়ে সাইফুলকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেছেন।