বস্তিতে 'পানিমন্ত্রী'

রাজধানীর অধিকাংশ বস্তির পানি সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণ করেন স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী ব্যক্তি। বস্তিবাসী এসব অবৈধ সংযোগদাতার নাম দিয়েছে ‘পানিমন্ত্রী’। ওয়াসার কিছু কর্মচারীর বিরুদ্ধেও অবৈধ সংযোগ-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। অবৈধ সংযোগের জন্য বস্তিবাসীদের বেশি টাকা দিতে হলেও ওয়াসা কোনো টাকা পায় না। টাকা যায় ওয়াসার পানি নিয়ে বাণিজ্য করা অবৈধ সংযোগদাতাদের পকেটে।
সম্প্রতি মিরপুরের সোবহান রোড বস্তি ১ ও ২, বাগানবাড়ি বস্তি, পল্লবীতে মোল্লাদের বস্তি, কড়াইল বস্তি, সাততলা বস্তি, শ্যামপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন-সংলগ্ন বস্তি ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, সাধারণত বস্তিগুলোতে মাস্তান এবং অন্য কিছু কারণে সরকারি সংস্থাগুলোর যেতে সমস্যা হয়। তাই বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় বস্তিবাসীদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে ওয়াসা বস্তিতে সংযোগ বৈধ করার কাজ করে।
যেসব বস্তিতে বৈধ পানির সংযোগ রয়েছে, সেখানে বাসিন্দাদের মাসে গড়ে খরচ হয় ৫০-১০০ টাকা। অথচ অবৈধ সংযোগের জন্য খরচ হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। উপরন্তু সংযোগ নিতে এককালীন দিতে হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা।
বস্তিবাসীরা বৈধ সংযোগের পানিই ব্যবহার করতে চায়। সোবহান রোড বস্তি-১-এর রিকশাচালক সাত্তার মিয়া বলেন, ‘পানি তো লাগবেই। অবৈধ হলেও লাগবে, বৈধ হলেও। বৈধ নেই বলেই তো অবৈধ সংযোগ থেকে ব্যবহার করি।’
পল্লবীর চার বস্তি, মোল্লারাই সব: মিরপুরের পল্লবীতে মোল্লাদের চারটি বস্তি। অধিকাংশই অবৈধ সংযোগ। অবৈধ সংযোগ নিতে ঘরপ্রতি এককালীন দিতে হয় ১৫-২০ হাজার টাকা। এরপর থেকে পানির জন্য প্রতি মাসে দিতে হয় ১০০ থেকে ২০০ টাকা। ওই চারটি বস্তির একটি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার নামে। বাকি তিনটি তাঁর আত্মীয়দের। তাঁরাই পানি, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ন্ত্রণ করেন।
এই বস্তিগুলোতে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) স্যানিটেশন ছাড়াও পানির সংযোগ প্রদানের কাজ করে। তাদের হিসাব অনুযায়ী চারটি বস্তিতে মোট ঘর ১ হাজার ৬৪৮টি। এই ঘরগুলোতে পানি সরবরাহের প্রায় পুরোটাই করা হয় অবৈধ সংযোগের মাধ্যমে।
সরেজমিনে দেখা গেছে, পল্লবীর মোল্লা মার্কেটের পেছনের ওয়াসার পানির পাম্পের সরবরাহ লাইন থেকে এ এলাকার বস্তিগুলোতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। নর্দমার ভেতর দিয়ে, রাস্তার পাশে এবং ঝিলের মধ্য দিয়ে এসব সংযোগ টানা হয়েছে প্লাস্টিকের ‘লতা পাইপ’ দিয়ে। ঘরের মালিকেরা সংযোগ নেন আলম নামে ইলিয়াস মোল্লার একজন কর্মীর কাছ থেকে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ইলিয়াস মোল্লা প্রথম আলোকে বলেন, তাঁর নামে কোনো বস্তি নেই। আলম নামে তাঁর এক লোক ব্যবসা করেন জানেন কি না জিজ্ঞেস করলে বলেন, ‘আলম আমার লোক। কিন্তু সে ব্যবসা করে কি না, আমার জানা নেই।’
সোবহান রোডে অধিকাংশ সংযোগই অবৈধ: মিরপুর ভাষানটেকের ধামালকোট এলাকার সোবহান রোড বস্তির পানি সংযোগের অধিকাংশই অবৈধ। একটি সংযোগ থেকে একাধিক পরিবার পানি ব্যবহার করে থাকে। সংযোগদাতারা প্রতিটি পরিবারের কাছ থেকে মাসে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন। টাকা না দিলেই কেটে দেন সংযোগ।
শ্রমিক লীগের নেতা মো. কামাল ও যুবলীগের সদস্য মো. জয়নালের নেতৃত্বে গড়ে উঠেছে অবৈধ পানি ব্যবসায়ীদের সিন্ডিকেট। সিন্ডিকেটের অন্য সদস্য শাহজাহান, মনু ও শামীম। তাঁরা নিজেদের মধ্যে সমঝোতা করে অবৈধ পানির ব্যবসা চালাচ্ছেন। একেকজন ২০ থেকে ৫০টি অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ করছেন এবং প্রতি মাসে টাকা তুলছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, বস্তির অলিতে-গলিতে সাপের মতো প্যাঁচানো অবৈধ পানির পাইপ। একটির ওপর দিয়ে আরেকটি পাইপ চলে গেছে। কোথাও একসঙ্গে এমন ১৫-২০টি পাইপ পেঁচিয়ে আছে। এসব পাইপের মাধ্যমে প্রায় ৪০০ মিটার দূরে শৌখিন রোডে অবস্থিত পানির পাম্প থেকে অবৈধ সংযোগ টানা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জয়নাল বলেন, বস্তিতে অবৈধ সংযোগ কম। বৈধ সংযোগ পাওয়া যায় না বলে লতা পাইপে কিছু সংযোগ আনা হয়। এর জন্য ওয়াসাকে নিয়মিত বিল দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
ওয়াসার লোকজন জড়িত: সোবহান রোড বস্তির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, ওয়াসার স্থানীয় মডস জোনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং শৌখিন রোডের পাম্প অপারেটরদের সহায়তায় এসব অবৈধ সংযোগ পরিচালিত হচ্ছে। তবে শৌখিন রোডের ওয়াসার পাম্প অপারেটর মো. হেলাল অবৈধ সংযোগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তাহলে পাম্প থেকে কীভাবে এসব সংযোগ গেল, জিজ্ঞেস করলে তিনি জানেন না বলে দাবি করেন।
বস্তিগুলোতে অবৈধ পানি সরবরাহে ওয়াসার লোকদের জড়িত থাকার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, এটি সত্য, ওয়াসার মাঠপর্যায়ে যাঁরা কাজ করেন, তাঁরা দুর্নীতি করে থাকতে পারেন।