বস্তিবাসীর স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে: মেয়র আতিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন পার্কে
ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীর স্থায়ী আবাসনের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক হতদরিদ্রদের স্থায়ী আবাসনের ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কাজ করছে।

আজ রোববার সকালে রাজধানীর গুলশান–২ নম্বরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। উত্তর সিটি করপোরেশনের ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পে নারীর মর্যাদা ও সুরক্ষায় তহবিল হস্তান্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, শহরে বসবাসরত দরিদ্র ব্যক্তিদের আবাসন নিশ্চিত করা, কমিউনিটিভিত্তিক সংগঠনগুলো শক্তিশালী করা, নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান তৈরি—এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনা জোরদার করতে হবে। তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠী যাতে সুন্দর জীবন যাপন করতে পারে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। করপোরেশনের একার পক্ষে কাজটি অসম্ভব। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে এ জন্য এগিয়ে আসতে হবে।

প্রতিদিন ১৪ হাজার মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসছেন জানিয়ে উত্তরের মেয়র বলেন, ‘যাঁরা গ্রামে আছেন, তাঁরা শহরে না এসে গ্রামেই থাকুন। গ্রামেই এখন অনেক সুযোগ আছে। গ্রাম থেকেই ভালোভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব।’

পরে মেয়র আতিক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থসামাজিক উন্নয়ন খাতের ১ কোটি ২২ লাখ ৭৭ হাজার ৮০৬ টাকা এবং অবকাঠামো উন্নয়ন খাতের ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৪২৯ টাকার চেক ঢাকার বিভিন্ন বস্তির ২৬টি কমিউনিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

পরে মেয়র আতিক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থসামাজিক উন্নয়ন খাতের ১ কোটি ২২ লাখ ৭৭ হাজার ৮০৬ টাকা এবং অবকাঠামো উন্নয়ন খাতের ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৪২৯ টাকার চেক ঢাকার বিভিন্ন বস্তির ২৬টি কমিউনিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

বস্তিবাসী ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে এই টাকা, বিশেষ করে নারীদের মর্যাদা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। বাংলাদেশ সরকার, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আবদুল মান্নান, সমন্বয়ক শাহীন পারভীন ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান ও টাউন ম্যানেজার মারুফ হোসেন।