বস্তির ৪৩ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণায় দেখা গেছে, রাজধানীর বস্তির ৭৬ শতাংশ নারী শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার। বস্তিবাসী নারীদের ৪৩ শতাংশ শারীরিক ও যৌন উভয় ধরনের নির্যাতনের শিকার। নির্যাতনের শিকার নারীরা পুলিশ, এনজিও বা চিকিৎসকদের কাছ থেকে সহায়তা পায় না। সহায়তা পায় নিজের আত্মীয় বা প্রতিবেশীর কাছ থেকে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিল রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী বস্তিতে এই গবেষণা করেছে। গতকাল বৃহস্পতিবার আইসিডিডিআরবি এই গবেষণার প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।গবেষণায় দেখা গেছে, বস্তির ৫৪ শতাংশ নারী যৌনবাহিত রোগ সম্পর্কে এবং ৫৭ শতাংশ নারী কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে কিছু জানেন না। ৫৪ শতাংশ নারী জরুরি গর্ভনিরোধক সম্পর্কে জানেন না।অনুষ্ঠানের শুরুতে আইসিডিডিআরবির প্রজননস্বাস্থ্য বিজ্ঞানী রুচিরা তাবাসুম নাভেদ জানান, বস্তির কিশোরী ও নারীর প্রজননস্বাস্থ্য এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ে ‘সেফ’ (গ্রোইং আপ সেফ অ্যান্ড হেলদি) গবেষণা প্রকল্পটি আইসিডিডিআরবি, পপুলেশন কাউন্সিল, মেরি স্টোপস, ব্লাস্ট ও নারী মৈত্রী বাস্তবায়ন করছে। ১৫-২৯ বছর বয়সী চার হাজার ৪৫৮ জন নারী ও ১৮-৩৫ বছর বয়সী এক হাজার ৬১৭ নারীর ওপর জরিপ করা হয় আগস্ট ২০১১ থেকে ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত। এতে দেখা যায়, ১৫ বছর বয়সী অবিবাহিত কিশোরীদের ৩৮ শতাংশ শারীরিক এবং ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার।অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ তারানা হালিম বলেন, বস্তিতে বিভিন্ন এনজিও কাজ করে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার নারীরা এনজিওদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন না। তিনি বলেন, কেন এমন হচ্ছে, তা গভীরভাবে পর্যালোচনা হওয়া দরকার।গবেষণায় দেখা গেছে, বস্তির ৭৬ শতাংশ নারী প্রসবপূর্ব এবং ৮৭ শতাংশ নারী প্রসব-পরবর্তী চিকিৎসাসেবা নেন না। ৭৮ শতাংশ নারী প্রসবকালে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা পান না। বস্তির ২৯ শতাংশ নারী আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন না। ১৬ শতাংশ নারী তিন বা তার অধিক সন্তান জন্ম দিয়েছেন। বস্তিতেও বিয়ের সময় যৌতুক দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, উচ্চমাধ্যমিক পাস ২০ শতাংশ স্বামী যৌতুক নিয়েছেন। অন্যদিকে নিরক্ষর স্বামীদের ৩৮ শতাংশ যৌতুক নিয়েছেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাচ দূতাবাসের প্রথম সচিব এলা ডি ভোগ বলেন, ঢাকার বস্তিতে নারীদের ওপর যে নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। আইসিডিডিআরবির এইচআইভি অ্যান্ড এইডস সেন্টারের পরিচালক তাসনিম আজিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।