বহুতল বিপণিবিতানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবনের তৃতীয়তলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ছাদে আশ্রয় নিয়েছেন আতঙ্কিত ব্যক্তিদের অনেকেই। আগুনের শিখা যতই ওপরে উঠছে, ততই বাড়ছে তাঁদের বাঁচার আকুতি, কান্না। আর নিচে উৎকণ্ঠায় থাকা স্বজন ও জনতার চোখ তাঁদের দিকে।গতকাল শনিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে বহুতল বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন লাগলে এমন দৃশ্যের অবতারণা হয়।ভবনের তৃতীয়তলায় খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ওই দোকানের পুরো অংশ ও পাঁচতলার আরেকটি খাবারের দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয়তলার বৈদ্যুতিক সংযোগস্থল। তবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ফায়ার সার্ভিস ও মাল্টিপ্ল্যান সেন্টার সূত্র জানায়, সকাল ১০টার দিকে ১৪ তলা মাল্টিপ্ল্যান সেন্টারের তৃতীয়তলায় একটি খাবারের দোকানে আগুন লাগে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দৌড়াদৌড়ি শুরু করেন। কেউ নিচে নেমে চলে আসেন, কেউ ছাদে চলে যান, আবার কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা ও উদ্ধার তৎপরতা চালাতে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়া লোকজনকে লম্বা সিঁড়ি (ল্যাডার) দিয়ে নিচে নামিয়ে আনেন। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ শুভ নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও স্বজন ও জনতার ভিড়। ভবনের সামনে দায়িত্ব পালন করছেন র‌্যাব সদস্যরা। নিচে ফুঁপিয়ে কাঁদছিলেন কয়েকজন ব্যবসায়ী।ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘ভবনের পাঁচ ও ছয়তলায় আমার কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান আছে। সকাল ১০টার দিকে মাত্র দোকান খুলেছি। হঠাৎ দেখি সবাই দৌড়াদৌড়ি করছে। দক্ষিণ দিকে তাকিয়ে দেখি আগুনের ফুলকি। কোনোমতে দোকান বন্ধ করে নিচে চলে আসি।’ব্যবসায়ীরা জানান, ভবনের প্রথম দুই তলায় কাপড়ের দোকান। তৃতীয়তলায় সিডি এবং ওপরের তলাগুলোতে কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান। তৃতীয়তলাসহ কয়েক তলায় খাবারের দোকান আছে। অগ্নিকাণ্ডের সময় ক্রেতা তেমন ছিল না। ভবনে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানান তাঁরা।ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জিহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন ছড়িয়ে যাওয়ায় ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়েছে। চারদিকে কাচ থাকায় ধোঁয়া বের হওয়ার পথ ছিল না। ফলে ভবনের ভেতরের অংশ ধোঁয়ায় ছেয়ে যায়। অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘এটি দুর্ঘটনা না নাশকতা, তা তদন্ত করে দেখা হবে।’অগ্নিনির্বাপণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মাল্টিপ্ল্যান সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার।