বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে দুজনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন থেকে পড়ে গতকাল সোমবার রাজধানীতে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের সহকর্মী ও পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।নিউমার্কেট থানার পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে নিউ এলিফ্যান্ট রোডের ৫২ নম্বর ভবনের টিউলিপ গার্মেন্টস কারখানার মানপরিদর্শক মাইনুল ইসলাম (২২) আত্মহত্যা করেছেন।মাইনুলের সহকর্মীরা বলেন, গতকাল দুপুরে খাবারের বিরতিতে মাইনুল একবার নিচে নামেন। তারপর তিনি হঠাৎ করেই ছয়তলার ছাদে উঠে লাফ দেন। সহকর্মীরা গুরুতর আহত মাইনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার মুসলিমপাড়ায়।এদিকে, গতকাল হাজারীবাগের শেরেবাংলা সড়কের একটি সাততলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন রাবেয়া আফরিন (৩০) নামে এক নারী।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, রাবেয়া তাঁর বোনের বাসায় থাকতেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়েন।