বহুতল ভবনে ঢুকে সন্ত্রাসীদের হুমকি
রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে ঢুকে ফ্ল্যাটের মালিকদের ভয় দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহ আলী থানায় সাধারণ ডায়েরি করেছেন ফ্ল্যাটের মালিকেরা। মিরপুর ২ নম্বরে মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সিটির মেঘনা ভবনে এ ঘটনা ঘটে। ফ্ল্যাটের মালিকেরা জানান, সদ্য নির্মিত এ ভবনটিতে ১০০ পরিবার বাস করছে। আরও কিছু ফ্ল্যাট খালি রয়েছে। তাঁদের অভিযোগ, চুক্তি অনুযায়ী তাঁদের বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত করছে নির্মাতা প্রতিষ্ঠান মাল্টিপ্ল্যান। এ নিয়ে ফ্ল্যাটের মালিকেরা ভবনের ভেতর কিছু লিফলেট লাগান। রোববার সন্ধ্যায় প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী ভবনের ভেতরে ঢুকে সেসব লিফলেট ছিঁড়ে ফেলে। তারা কয়েকজন ফ্ল্যাটের মালিককে লাঞ্ছিত করে। তারা পাঁচতলা পর্যন্ত উঠে ‘যারা লিফলেট লাগিয়েছে তাদের দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেয়।