একটি বেসমেন্টের অর্ধেকজুড়ে চালকদের বিশ্রামকক্ষ। অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে আরেকটি বেসমেন্ট। নকশা অনুসারে ভবনের নিচতলার পুরোটা পার্কিংয়ের কাজে লাগানো কথা থাকলেও সেখানে চলছে ব্যাংকের কার্যক্রম। এ ছাড়া সামনের ফুটপাত দখলে রেখে করা হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ।
বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান অভিযানে গতকাল মঙ্গলবার গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ভবনের এমন অবস্থাই দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
রাজউক কর্মকর্তারা বলছেন, প্রায় এক মাস ধরে চলমান এই অভিযানে একটি ভবনে একই সঙ্গে এতগুলো বিচ্যুতি তাঁরা দেখেননি।
এই পরিপ্রেক্ষিতে ভবনটির একটি বেসমেন্টে নির্মিত বিশ্রামকক্ষগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় ফুটপাত দখল করে নির্মিত স্থাপনা। নিচতলার ব্যাংকিং কার্যক্রম সরিয়ে নিয়ে জায়গাটিকে গাড়ি পার্কিংয়ের জন্য অবমুক্ত করতে সময় দেওয়া হয় তিন দিন। এমটিবি কর্তৃপক্ষকে জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা। একই সঙ্গে ভবনটিতে রাজউকের অনুমোদন ছাড়াই আরেকটি বেসমেন্ট নির্মাণ করার জন্য ভবনের নকশা বাজেয়াপ্ত করার প্রস্তাব দেওয়া হবে বলে জানান অভিযানের তত্ত্বাবধানকারী জোন-৪ এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামান। নগরের গুলশান এলাকায় পরিচালিত গতকালের এ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া। অভিযানে এমটিবি ভবন ছাড়াও পাশের ক্রিস্টাল প্যালেস নামের একটি ভবনের নিচতলায় নকশাবহির্ভূতভাবে গড়ে ওঠা জুতার দোকান ও রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময় দিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর বাইরে ঢাকা ব্যাংকের সামনের অংশে নিরাপত্তাপ্রহরীদের একটি কক্ষ ও বাগান উচ্ছেদের পাশাপাশি আরেকটি ভবনে অনুমোদন ছাড়াই নির্মিত একটি কফি হাউস উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ জন্য ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
এদিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের দুটি ভবনের বেসমেন্টেই গুদামঘরসহ আরও কিছু স্থাপনা দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল কর্তৃপক্ষকে ভবনের নকশা দেখানোর জন্য বলা হলেও তারা যথাসময়ে সেটা উপস্থাপন করতে পারেনি। জোন-৫ এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান বলেন, এ জন্য ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দুটি বেসমেন্ট থেকেই সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বাইরে ধানমন্ডিতে আরও একটি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করার পাশাপাশি তিনজন ভবন মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একই দিনে উত্তরায় পরিচালিত অভিযানে ১০টি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
প্রসঙ্গত, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এ অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় ছয় কর্মদিবসে দুই শর বেশি ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।