রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ৭ থেকে ১০ মিনিটের মধ্যে আহত মানুষদের আনা হতে থাকে মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালে। শত শত রোগী আসছেন। মানুষ মানুষকে বয়ে নিয়ে আসছেন। কেউ কাউকে চেনেন না, কিন্তু মানুষকে বাঁচাতে যে যা পারছেন, তাই করছেন। এক বাবা এসেছেন স্ত্রী আর ১৩ মাসের বাচ্চাকে খুঁজতে।
অজ্ঞাতনামা একটি লাশ এখনো পড়ে আছে হাসপাতালের মর্গে। হাসপাতালের চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী আর কর্মচারীরা একদম ঘটনাস্থলে অনেকের প্রাণ বাঁচিয়েছেন। হাসপাতাল ট্রাস্টের জনসংযোগ কর্মকর্তা ওয়াকার হোসাইন সমন্বয় করেছেন মগবাজারের মর্মান্তিক ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার ঝাপটা। পড়ুন তাঁর জবানে।
মাগরিবের নামাজ পড়ে এসে আসি আসি প্ল্যান করছি। মালিবাগ বাজারে যাব। তখন তরিকুল বলল, স্যার, কিছু খাবেন? আমি বললাম, তাহলে চা খাওয়া আর এক গ্লাস পানি দে। চা খেয়ে মোবাইলটা হাতে নিছি। উঠব। যেই বের হব। হঠাৎ দেখি বিল্ডিংটা কেঁপে উঠল। রাস্তার সামনের দিকে কেঁপে উঠল। হাসপাতাল বিল্ডিংয়ের ক্যানটিনের সামনে হঠাৎ করে কেঁপে উঠল। আমরা ভাবলাম, হঠাৎ করে কেন কাঁপল। ভাবলাম, ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়েছে। পরে দেখলাম যে না, ফ্রিজ ঠিক আছে, ফ্যান ঘুরছে।
আমরা আলোচনা করতেছি যে কোথায় কী হলো? পাঁচ মিনিটের বেশি, সাত মিনিটের মতো হবে। ১০ মিনিট হবে না। নিচ থেকে ফোন এল তাড়াতাড়ি আসেন। দৌড়ে আমরা সবাই নামলাম। দেখি ওই অবস্থা।
আমার ২২ বছরের জীবনে হাসপাতাল ও ফিল্ড দিয়ে এ রকম কোনো ঘটনা দেখিনি। এটা অকল্পনীয় ঘটনা। আর চোখের সামনে মানুষ কীভাবে যে বাঁচার আকুতি করে, তা আমি দেখলাম। মানুষ যা পারে তা দিয়ে, জামা খুলে কপাল দিয়ে, ঘাড় দিয়ে, পিঠ দিয়ে রক্ত থামাচ্ছে, মানুষ মানুষকে নিয়ে আসছে। ভাই, কী অবস্থা, এটা কল্পনা করা যাবে না।
কারও সঙ্গে কেউ ছিলেন না। সাধারণ মানুষর আহা করছেন, কষ্টবোধ করছেন।
অনেকে নিজে নিজেই দৌড়াদোড়ি করে ওষুধ, ইনজেকশন নিয়ে আসছেন। মানুষ ছুটে আসছেন যে কী লাগবে। মানুষ যে কতটা সহানুভূতি করে, সেটাও অকল্পনীয়। আর মানুষের বাঁচার আকুতি জিনিসটা দেখাও কষ্টকর; যেটা চোখের সামনে ঘটছে।
যেহেতু আমাদেরটা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রায় ৭০ জন ইন্টার্ন আর ডাক্তার আমাদের। এরপর শিক্ষার্থী আনছে। হোস্টেলও লাগোয়া। লাইব্রেরিতে ছাত্রছাত্রীরা ছিলেন। আমরা ইন্টারকমে ঘোষণা দিয়ে সবাইকে নেমে আসতে বললাম। তাঁরা এসে দেখেন ওই অবস্থা। দেখার পরে সামনের ইমার্জেন্সিতে সবাইকে বসিয়ে দিলাম। যাঁদের অবস্থা মারাত্মক, তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো লাগবে। কেউ বুকে আঘাত পাইছে, কারও চোখে কাচ ঢুকছে, কেউ নিশ্বাস নিতে পারছেন না—এ রকম। আমরা কোনো দিন তাঁদের দেখিনি। এমনকি তাঁদের কথাও শুনতে পাইনি। আমরা যাঁর জন্য যা ব্যবস্থা করা দরকার, তা করেছি।
এর মধ্যে একটা লোক এসে বললেন, আপনাদের হাসপাতালে কোনো বাচ্চা আসছে নাকি। বললাম যে আসছে। এরপর বাচ্চাটাকে দেখে জড়িয়ে ধরলেন তিনি। বছর ৩০ বয়স হবে বাবার। এরপর উঠে এসে বললেন, ‘আল্লাহর পরে আপনারাই আমার ভরসা। আমার বাচ্চাটাকে রেখে গেলাম। আমি ওর মাকে খুঁজি। পরে এসে ওকে নিয়ে যাব।’ এই কথা বলেই তিনি চলে গেলেন।
নিচতলার মেঝে ভর্তি। এদিকে কাউকে ট্রলির ওপর শুয়াইছি, কাউকে চিকিৎসদের চেম্বারে। চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক আর শিক্ষার্থীরা মিলে সেবা করছেন। ক্যানটিনের বয়রা বা অন্য কর্মচারী, আয়া—সবাই হাত লাগাচ্ছেন। যাঁদের খুব খারাপ অবস্থা, তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো লাগবে। কিন্তু সব কটি রাস্তা বন্ধ। কোনো গাড়ি এদিকে ঢুকতে পারছে না। যার জন্য কেউ আমাদের সহযোগিতা করতে পারেননি। কেউ আসতে পারেননি। বেশ কিছু সাংবাদিক ছিলেন সেখানে। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলছিলেন। আমরা ৯৯৯, ফায়ার ব্রিগেড—সবার কাছে ফোন দিয়েছি। কেউ আসতে পারেনি। কিছু রোগীর অবস্থা খারাপ দেখে নিজেদের চারটা গাড়ি দিয়ে ঢাকা মেডিকেলে পাঠালাম। এখনো চারটি গাড়ির ভেতরে রক্তে ভিজে গেছে। রক্তের গন্ধে গাড়িগুলো কেমন হয়ে গেছে। রক্ত আর রক্ত।
যাঁরা আসছিলেন, তাঁদের কারও চেহারা খেয়াল করিনি। দেখছি যে কার কোথায় আঘাত। নারী আসছে পাঁচজনের মতো। বাদবাকি সবাই পুরুষ। ওই বাচ্চাটা তো রাস্তার মধ্যেই মারা গেছিল। আর একটা বাচ্চার হেড ইনজুরি (মস্তিষ্কে আঘাত)। তার বয়স ১২ হবে। তার নাক দিয়েও রক্ত আসছে। তাকে ঢামেকে পাঠিয়েছি। আসলে কারও মুখ চেনা যাচ্ছিল না। তাই সবার বয়স বলতে পারব না। রক্তে মুখটুখ এমন অবস্থা হয়ে গিয়েছিল। যাচ্ছেতাই হয়ে গিয়েছিল।
এর মধ্যে চেয়ারম্যান স্যার ফোন দিলেন। স্যারকে বললাম, এখন খুব ব্যস্ত। চেয়ারম্যান স্যার বললেন, ‘কাউকে ফেরত দিবা না। যেখান থেকে যা লাগে সব করবা। কেউ যাতে চিকিৎসা ছাড়া ফেরত না যায়। বাকিটা কাল দেখব আমরা।’ স্যারের কথায় বুকে আরও বল পেলাম। এটা কিন্তু বিরাট সাহস। এ জন্য আমাদের কিছু চিন্তা করতে হয়নি। আমরা ফার্মেসি খুলে দিলাম।
বাচ্চার বাবা পরে ফিরে এসেছেন। ওনার স্ত্রীকে পেয়েছেন ঢাকা মেডিকেলে। নাম জান্নাত। বাচ্চার নাম তাইয়েবা। ১৩ মাস বয়স। বাচ্চার বাবা পুলিশকে অনুরোধ করে বাচ্চা নিয়ে গেছে। আর একটা লাশ আছে, সেটা এখানেই আছে। কিন্তু পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
যখন সব মোটামুটি শেষ, তখন হাতিরঝিল থানা থেকে দুজন এসআই (উপপরিদর্শক) আর একটা পুলিশ এল। তারা জানতে চাইল কোনো লাশ আছে না কি। আমরা বললাম, একজন বয়স্ক মানুষের লাশ আছে। তারা বুঝে নিল, কিন্তু এখনো পড়ে আছে।