শ্রবণপ্রতিবন্ধী নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পয়লা ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ হিসেবে পালনে বাংলা একাডেমী সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠিয়েছে। গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এ কথা জানান। শ্রবণপ্রতিবন্ধী নাগরিকের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস পালনের দাবিতে এ সভার আয়োজন করা হয়।সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক্রকাজী আবু জাফর মো. হাসান সিদ্দিকী বলেন, প্রয়োজনীয় সংবাদ উপস্থাপক ও কারিগরি সহায়তা পেলে বিটিভি রাত আটটার সংবাদসহ ইশারা ভাষায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেবে। এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজনেরও আশ্বাস দেন তিনি।সভায় জানানো হয়, দেশে শ্রবণপ্রতিবন্ধী নাগরিকদের সংখ্যা প্রায় ২৬ লাখ। শ্রবণপ্রতিবন্ধিতার কারণে এসব মানুষ কোনোভাবেই কথ্য ভাষায় যোগাযোগ করতে পারে না। বাংলা ইশারা ভাষা এসব মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। শ্রবণপ্রতিবন্ধী নাগরিকেরা দীর্ঘদিন ধরে বাংলা ইশারা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে।এসডিএসএলের চেয়ারম্যান এম. ওসমান খালেদের সভাপতিত্বে সভায় অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি রাবেয়া সুলতানা, বাংলাদেশ বধির মহিলা কল্যাণ সংস্থার সভাপতি শিরিন বেগম, ঢাকা বধির সংঘের সভাপতি মিজানুর রহমান, যশোর বধির সংঘের সাধারণ সম্পাদক আজাদ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।