বাংলা একাডেমিতে পৌষমেলার আজ শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌষমেলায় পিঠা বানাতে ব্যস্ত নারীরা l প্রথম আলো
বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌষমেলায় পিঠা বানাতে ব্যস্ত নারীরা l প্রথম আলো

নেই নেই করে জানুয়ারির শুরুতে বেশ ভালোই শীত পড়েছে ঢাকায়। ভোরবেলা জানালার কাচের শার্সি ফাঁক করলেই হিমের স্পর্শ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পর কনকনে হাওয়া। এমন আবহাওয়ায় দারুণ জমে উঠেছে বাংলা একাডেমি সবুজ চত্বরে আয়োজিত পৌষমেলা। শিল্পীদের গানে, কবিতার ছন্দে, পিঠাপুলির মন মাতাল করা ঘ্রাণ মনে করিয়ে দিয়েছিল গ্রামের সেই ফেলে আসা দিনগুলোর কথা।

নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে পড়লেও বাঙালির মন থেকে হারিয়ে যায়নি গ্রামীণ জীবনের স্মৃতিমাখা উত্সবগুলো। তাই গত শুক্রবার শুরু হওয়া পৌষমেলা গতকালও ছিল শহরবাসীর আগ্রহের কেন্দ্রে। বিকেল থেকে ভিড় হয়েছিল প্রচুর। বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ছিল পিঠাপুলির স্টল। এসব স্টলে দেখা মেলে বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, পাটিসাপটা, মালপোয়া, তালবড়া, বিবিখানা, মেন্ডা, মোরা, ঝিনুক, দুধ চিতই, জামাই পিঠা, বউ পিঠা, সিদ্ধ পুলি, পাকনসহ নানা স্বাদের পিঠা।

পৌষমেলা উদ্‌যাপন পর্ষদ আয়োজিত পৌষমেলায় পিঠা কেনাবেচা এবং খাওয়ার পাশাপাশি বাংলা একাডেমির নজরুল মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল দ্বিতীয় দিনের আয়োজনের প্রথম পর্বে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী ও সুরবিহার। একক আবৃত্তি করেন রেজীনা ওয়ালী লীনা। দলীয় আবৃত্তি করে ঢাকা স্বরকল্পন। দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য ও নৃত্যালোক।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী, গীতি শতদল ও কেন্দ্রীয় খেলাঘর আসর। দলীয় আবৃত্তি করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি করেন এনামুল হক, মাশকুর-এ-সাত্তার ও তামান্না সারোয়ার। পুঁথি পাঠ করেন অলোক বসু। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ, নৃত্যাঙ্গন ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। এ ছাড়া এম আর ওয়াসেকের নির্দেশনায় ছিল নৃত্যনাট্য মহুয়া। দুই পর্বে ছিল শিল্পীদের একক গান। আজ রোববার মেলার শেষ দিন। চলবে সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।