বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বিশ্ব সংস্থাটির শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভার উপস্থিতিতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ইরিনা বোকোভাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দিতে নবাব নওয়াব আলী সিনেট ভবনে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর বক্তব্যে আরও বলেন, ‘ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে বাংলাদেশকে বিপুলভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। আশা করি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা প্রদানেও ইউনেসকো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ব্যবহারকারীর সংখ্যার বিচারে বাংলার অবস্থান বিশ্বের শীর্ষ ভাষাগুলোর মধ্যে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা বর্তমানে ছয়টি—আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্পেনীয়।সম্মানসূচক ডিগ্রি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে ইরিনা বলেন, ‘আমি জীবনে দুবার আবেগাপ্লুত হয়েছি। প্রথমবার যখন আমি ইউনেসকোর মহাপরিচালক হিসেবে যোগদানপত্রে স্বাক্ষর করি এবং দ্বিতীয়বার আজকের এই ডিগ্রির জন্য স্বাক্ষরের সময়।’ বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত ইরিনা বোকোভা ২০০৯ সালের ১৫ নভেম্বর প্রথম নারী হিসেবে ইউনেসকোর মহাপরিচালক নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইউনেসকোর মহাপরিচালককে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, ডিন ও জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।