বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিতে পদযাত্রা
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা, দেশে বাংলা তারিখের ব্যবহার নিশ্চিত করা, ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণসহ ১১ দফা দাবি জানিয়েছে ‘১১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন কমিটি’ নামের একটি সংগঠন। গতকাল রোববার সংগঠনের পক্ষ থেকে এসব দাবিতে প্রতীকী পদযাত্রা বের করা হয়।ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলা এখনকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে গতকাল শুরু হয় পদযাত্রা। ভাষাসৈনিক আবদুল মতিন, রওশন আরা বাচ্চু ও জসীম উদ্দীন আহমদ পদযাত্রায় অংশ নিয়ে ১১ দফার প্রতি সমর্থন জানান। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয় প্রতীকী পদযাত্রা। ‘সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আবদুল মতিন বলেন, যে চেতনা নিয়ে ভাষা আন্দোলন ও সংগ্রাম শুরু হয়েছিল, সে সংগ্রাম এখনো শেষ হয়নি। ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু বলেন, ভাষাকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয়। সমাবেশে সংগঠনের আহ্বায়ক মীর্জা মাজহারুল ইসলাম, সদস্যসচিব এম আর মাহবুব প্রমুখ বক্তব্য দেন।