বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কৃত এক শিক্ষকের পুনর্বহাল, রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। যাত্রাবাড়ীর মানিকনগরে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁরা এই বিক্ষোভ ও ভাঙচুর করেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং ঢিল ছুড়ে বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবিএর সমন্বয়ক ও শিক্ষক ইদ্রিছ আলীকে বহিষ্কার করেছে। অপর একজন শিক্ষককেও বহিষ্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অথচ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁরা শুরু থেকেই সম্পৃক্ত ও এর শুভাকাঙ্ক্ষী। শিক্ষার্থীদের অভিযোগ, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শহীদুল বারী ও উপ-রেজিস্ট্রার মোর্শেদুর রহমান ট্রাস্টি বোর্ডকে ভুল বুঝিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীরা আইন বিভাগে ডিন, জ্যেষ্ঠ ও মানসম্মত শিক্ষক না থাকা, গ্রন্থাগারে বই ও ল্যাবরেটরিতে কম্পিউটারের অপর্যাপ্ততাসহ বিভিন্ন অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বহিষ্কৃত ওই শিক্ষককে পুনর্বহাল করা হয়েছে এবং রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া আইন বিভাগে ডিন নিয়োগ ও অন্যান্য দাবিগুলোরও দ্রুত সমাধান করা হবে। সিদ্ধান্তগুলো তাঁর স্বাক্ষরিত একটি কাগজে লিখিতভাবে শিক্ষার্থীদের জানানো হয়েছে। যোগাযোগ করা হলে শিক্ষক ইদ্রিছ আলী প্রথম আলোকে বলেন, তাঁকে পুনর্বহালের সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে লিখিত কোনো আদেশ তিনি গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাতে পাননি। বহিষ্কারের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেন বহিষ্কার করা হয়েছিল, তা আমি জানি না। বহিষ্কারের কথা লিখে কর্তৃপক্ষ যে চিঠি দিয়েছিল, তাতেও বহিষ্কারের কারণ লেখা ছিল না।বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরী। নরসিংদীর জামেয়া কাশেমিয়া মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের অধীনেই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। ওই সময় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বোর্ডের সদস্য এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামে ট্রাস্টি বোর্ড করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন ট্রাস্টি বোর্ড করা হয়। সেখান থেকে সাঈদীর নাম বাদ দেওয়া হয়।